নির্বাচনী দৌড়ে দ্বিতীয় হতে চান না ওবামা
যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেট দলের ব্যানারে নির্বাচনে নামা প্রার্থীদের তালিকায় হিলারি ক্লিনটনের ঠিক পরেই, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকবেন আরেক ডেমোক্রেট বারাক ওবামা। অধিকাংশ মার্কিনির ধারণা সেরকমই। কিন্তু এ ধরনের জল্পনা-কল্পনার সঙ্গে মোটেই একমত নন ওবামা। বরং তিনি বলেছেন, প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকা মোটেও পছন্দ নয় তার।
মঙ্গলবার টক শো ‘লেট নাইট উইথ ডেভিড লেটারম্যান’-এ ইলিনয় থেকে নির্বাচিত এ সিনেটর বলেন, “দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিযোগিতা করি না আমি। এতে বিশ্বাস নেই আমার।”
“সেটা তো শক্তিশালী টিকিট হতে পারে,”-লেটারম্যানের ইঙ্গিতপূর্ণ এ কথার জবাবে ওবামা বলেন, “আমরা কোন তালিকা নিয়ে কথা বলছি?” ওবামার এ উত্তরে দর্শকরাও মজা পান, ব্যাপক করতালি দিয়ে তাকে অভিনন্দনও জানান।
এরপর লেটারম্যান রসিকতা করে বলেন, “ধরুন আপনি প্রেসিডেন্ট প্রার্থী এবং হিলারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। আর তিনি যদি আজ এখানে থাকতেন তবে পরিবেশটা হয়তো অন্যরকম হতো।”
জাতীয় পর্যায়ে নতুন মুখ ওবামা মার্কিন সিনেটে দু’বছর দায়িত্ব পালন করেছেন। প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড়ে নিজের অবস্থান সুসংহত করতে তিনি ইতোমধ্যেই তহবিল সংগ্রহের দিক থেকে ক্লিনটনের সমপর্যায়ে পৌঁছে গেছেন বলে জানান। হিলারির চেয়ে ওবামার তহবিল মাত্র ১০ লাখ ডলার কম।
প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে হিলারিকে দ্বিতীয় অবস্থানে পাঠিয়ে দিতে পরিস্থিতিতে পরিবর্তন আসছে কিনা, কিংবা বিষয়টি নিয়ে দলের ভেতরেই গোপন আলোচনা চলছে কিনা-এ প্রশ্নে জবাবে ওবামা বলেন, ‘‘প্রতিদ্বন্দ্বীরা দলের মনোনয়ন পাওয়ার জন্য লড়ছেন। কিন্তু তারা তো আসলে এক দলেই আছেন।”
