২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে হোর্তা

শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট নির্বাচন। গোটা দেশ এখন সাগ্রহে তাকিয়ে, কে হতে যাচ্ছে তাদের পরবর্তী প্রেসিডেন্ট। যদিও নিশ্চিত ফলাফল পেতে আরও কদিন সময় লেগে যাবে। আগামী ১৬ এপ্রিল নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে। প্রাথমিক গণনায় অবশ্য দেখা গেছে, প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে আছেন বর্তমান প্রধানমন্ত্রী হোসে রামোস-হোর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2007, 11:56 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

তবে এই অগ্রগামিতা রাজধানী দিলিতেই। আর অন্যান্য অঞ্চলে বাকি সাত প্রতিদ্বন্দ্বীর দুজন ফ্রেটিলিন পার্টির ফ্রান্সিসকো গুতেরেস ও ডেমোক্রেট দলের ফার্নান্দো দে আরাজু হাড্ডাহাড্ডি লড়ছেন।

নির্বাচন কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, হোর্তা প্রাথমিক ভোট গণনায় শতকরা ৩০ভাগ ভোট পেয়ে এগিয়ে আছেন। গুতেরেস পেয়েছেন ২৫ ভাগ। আর আরাজু ২০ ভাগ। নির্বাচনে জিততে হলে শতকরা ৫০ ভাগেরও বেশি ভোটের সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। নইলে আবারও নির্বাচন। এখন পর্যন্ত অবশ্য সে সম্ভাবনাটাই বেশি।

গত বছর খানেক ধরে সহিংসতা আর অরাজকতার মধ্যে দিয়ে যাওয়া দেশটিতে আচমকাই যেন শান্তির হাওয়া বইয়ে দিয়েছে সোমবারের প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি।

ইন্দোনেশিয়া থেকে নব্য স্বাধীন, অতি গরীব দেশটির মানুষগুলোও ঠিক সে কথাই ভাবছে। তাদের প্রত্যাশা এই নির্বাচনেই বিভেদ ঘুচে যাবে, ফিরে আসবে শান্তি।

ভোটারদের লাইনে ছিলেন প্রেসিডেন্ট জানানা গুসমাও। তারই উত্তরসূরি খোঁজা হচ্ছে এই নির্বাচনে। গুসমাও এই নির্বাচনকে ইতিবাচক চোখে দেখছেন। তার মতে, পূর্ব তিমুর যে ব্যর্থ রাষ্ট্র নয় সেটা দেখানোর এটাই সুযোগ। নিজে নির্বাচনে আর দাঁড়াননি। তবে আটজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে রয়েছেন তার মিত্র প্রধানমন্ত্রী হোর্তা।

ইন্দোনেশিয়া থেকে দেশের স্বাধীনতার জন্য বিশ্বব্যাপী জনমত আদায়ে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন হোর্তা। জিতেছেন নোবেল পুরস্কারও। ভোট দিতে এসে তার কথাতেও যথেষ্ট সন্তোষ ছিল, “কিছু বিচ্ছিন্ন ঘটনা, কিছু দুর্বল দিক বাদ দিলে এখন পর্যন্ত নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলা যাবে।”

বিচ্ছিন্ন ঘটনা আসলে তুমুল সহিংসতাই ছিল দিন কয়েক আগেও। গত সপ্তাহে এক নির্বাচনী সংঘর্ষে আহত হয়েছেন জনা ত্রিশেক। বহুজাতিক বাহিনী ফাঁকা গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়েছে পরিস্থিতি সামলাতে।

বিভাজন আছে অঞ্চলভিত্তিকও। পূর্ব তিমুর বিভক্ত এখন পূর্ব ও পশ্চিমের সংঘাতে। গত বছর মে মাসে পশ্চিমাঞ্চলের ৬০০ বিদ্রোহী সেনাকে বরখাস্ত পরার পর শুরু রক্তক্ষয়ী এক সংঘর্ষের। লাখখানেক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, মারা গেছেন ৩০ জনেরও বেশি। আন্তর্জাতিক হস্তক্ষেপে থেমেছে সেই সংঘাত। পাশাপাশি চলছে প্রচারণা, কীভাবে এই বিভেদ ভুলে আবার একাট্টা হওয়া যায়।

এবারের নির্বাচনের মূল সুর এটাই। আর তা অনুরণিত হয়েছে ভোটারদের একজন রজারিও দ্য সান্তোসের কথায়। ৩০ বছর বয়সী এই কৃষক আশাবাদী গলায় বলেছেন, “এই নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি নতুন প্রেসিডেন্ট আমাদের সব সঙ্কট থেকে উদ্ধার করবেন।”