ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে অগ্রাহ্য করার আরেকটি সংকেত দিলো: যুক্তরাষ্ট্র
‘বাণিজ্যিক ভিত্তিতে’ পরমাণু জ্বালানি উৎপাদনের নতুন ঘোষণার মধ্য দিয়ে ইরান আন্তর্জাতিক সম্প্রদায়ের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পরিহারের দাবি উপেক্ষা করার আরেকটি সংকেত দিয়েছে। যুক্তরাষ্ট্র সোমবার একথা বলেছে।
ইরানের নতুন ঘোষণাটি সম্পর্কে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রবিভাগের মুখপাত্র সিয়ান ম্যাককরম্যাক বলেন, ‘‘ইরান অচলবস্থা নিরসনের আরেকটি সুযোগ নষ্ট করল। এ ঘোষণার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে অগ্রাহ্য করার আরেকটি সংকেতই দিয়েছে।’’
ইরান তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ দাবি করে আসলেও পশ্চিমাদের ধারণা, তেহরান তলে তলে পারমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান পরমাণু জ্বালানি বিদ্যুৎ উৎপাদনেই ব্যবহার করার কথা বলে আসছে। ম্যাককরম্যাক বলেন, ‘বাণিজ্যিক ভিত্তিতে’ জ্বালানি উৎপাদনের পদক্ষেপ ইরানি জনগণের জন্য লাভজনক হবে না। বিচক্ষণ ইরানি নেতারা তাই লাভ-লোকসানের বিষয়টি হিসাব-নিকাশ করে দেখবেন বলেই তিনি আশা করেন।
ম্যাকরম্যাক আরো বলেন, ‘‘তবে একটি উপায় আছে। আর তা হলো আলাপ-আলোচনা। এই বিকল্প পথটি ইরানের নেতাদের বেছে নেয়া উচিত। কিন্তু তারা আগেও তা করেননি। আর এখন তারা আলোচনার পথ বেছে না নেয়ারই আরেকটি ইঙ্গিত দিলেন।’’
জাতিসংঘের দাবি মানতে ইরানের অবাধ্যতার জন্য তেহরানের ওপর দু’দফা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে উল্লেখ করে ম্যাকরম্যাক বলেন, ‘‘ইরান আন্তর্জাতিক রীতিপদ্ধতি অগ্রাহ্য করেই চলেছে। আর সর্বশেষ পদক্ষেপের মধ্য দিয়ে তারা তাদের পরমাণু কর্মসূচির অভিপ্রায় নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।’’
এদিকে, পরমাণু জ্বালানি বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনের ঘোষণার পরপরই ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ‘‘ইরান কোনো চাপের কাছেই মাথা নত করবে না। তারা শান্তিপূর্ণ কর্মসূচিও পরিহার করবে না’’। বৃহৎ শক্তির দেশগুলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ব্যবহার করে ইরানের পরমাণু অগ্রগতি রুখে দিতে চাইছে বলে আহমাদিনেজাদ অভিযোগ করেন।
