২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১৭, বহতল ভবন বিধ্বস্ত

বাগদাদের ৩০ কিলোমিটার দক্ষিণের একটি শহরে রোববার গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 05:32 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

বাগদাদের বাইরে নতুন নিরাপত্তা পরিকল্পনা কার্যকর হওয়ার পর সংঘটিত সর্বশেষ হামলা এটি।

মাহমুদিয়ার মেয়র মুয়ায়িদ আল-আমিরি বলেন, ‘‘শিল্প কারখানাগুলোকে টার্গেট করে চালানো গাড়িবোমা হামলায় ১৭ জনের প্রাণহানি ছাড়াও একটি বহুতল ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়’’।

মার্কিন বাহিনী জানিয়েছে, এর আগে শনিবার বাগদাদের উত্তরে দাইয়ালা প্রদেশে বিস্ফোরণে চার মার্কিন সেনা নিহত হয়। বাগদাদে নিরাপত্তা অভিযান শুরু হওয়ার পর থেকে দাইয়ালা প্রদেশে শুরু হয় ব্যাপক সহিংসতা।

মাহমুদিয়া জেনারেল হাসপাতালের কর্মকর্তা ইয়াহিয়া নাজম বলেন, ‘‘বোমায় নিহতের সংখ্যা ১৫, আহত হয়েছে ৩০ জন এবং বেশ কিছু লাশ এখনো ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে আছে’’।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে শহরের অসংখ্য দোকান ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাক সরকার গত সপ্তাহে বলেছে, জাতিগত গৃহযুদ্ধ বন্ধের লক্ষ্যে প্রায় দু’ মাস ধরে চলমান মার্কিন ও ইরাকি সেনাবাহিনীর যৌথ নিরাপত্তা অভিযান বাগদাদের বাইরের শহরগুলোতেও ছড়িয়ে পড়ছে।

তার কয়েক দিন পর ইরাকি ও মার্কিন সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় দিওয়ানিয়া শহরে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অভিযান চালায়। শহরটিতে শিয়া মিলিশিয়ারা, বিশেষ করে শিয়া নেতা মুক্তাদা আল-সদর এর মেহেদি আর্মি শক্তিশালী। মেহেদি আর্মিকে ইরাকের শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে মনে করে পেন্টাগন।