২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আণবিক জ্বালানি তৈরির অধিকার নিয়ে আলোচনা নয়: ইরান

ইরান রোববার পরমাণু জ্বালানি কর্মসূচি চালানোর “সুস্পষ্ট অধিকার” নিয়ে আলোচনায় বসবে না বলে জানিয়েছে। তবে ইরান এও জানায়, এই কর্মসূচির আড়ালে যে তেহরান পরমাণু অস্ত্র বানাচ্ছে না-তা পশ্চিমা বিশ্বকে নিশ্চিত করার জন্য তারা আলোচনায় বসতে রাজি। সাপ্তাহিক এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলী হোসেইনি একথা বলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Apr 2007, 04:43 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

হোসেইনি বলেন, ‘‘ইরানের শীর্ষ পরমাণু আলোচক আলি লারিজানি এবং ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জেভিয়ার সোলানা বিরোধ অবসানের চেষ্টা করেছেন। তবে এর মধ্যেও ইরানে দু’দফা জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। এরপরও ইরান শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করা নিয়ে কোনো আলোচনায় বসবে না। কারণ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আন্তর্জাতিক চুক্তির আওতায় ইরান এই কর্মসূচিকে নিজেদের অধিকার বলেই মনে করে। এই কর্মসূচি ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই লাগাবে’’।

হোসেইনি আরো বলেন, “আলোচনার একটি উদ্দেশ্য থাকা উচিত। ইরানের সুস্পষ্ট অধিকার নিয়ে কোনা আলোচনা হবে না। অস্পষ্টতা দূর করতে আমরা চাই পূর্বশর্তহীন আলোচনা এবং অন্য পক্ষকে নিশ্চিত করতে চাই যে সেখানে কোনো পরিবর্তন হবে না।”

যুক্তরাষ্ট্রের ধারণা, বেসামরিক কর্মসূচির আড়ালে ইরান আণবিক বোমা তৈরির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্র বলেছে, তারা তেহরানের পরমাণু কর্মসূচির কূটনৈতিক সামাধান চায়। তবে সেভাবে সম্ভব না হলে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বাদ দেয়নি তারা। এ ব্যাপারে হোসেইনি বলেন, ‘‘ইরানের সেনাবাহিনী দেশ রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত এবং সম্ভাব্য যে কোনো সামরিক হামলার জন্যও প্রস্তুত।”

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বলছে, ইরানের আণবিক পরিকল্পনা সম্পর্কে তারা এখনো পুরোপুরি অবগত না। আর সে পরিকল্পনা যে শান্তিপূর্ণ তা নিশ্চিত করার আগে তাদের পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি জানা প্রয়োজন।

ছয় বিশ্ব শক্তি-যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, চীন, ফ্রান্স ও জার্মানির প্রস্তাবিত সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের নির্দেশ দিতে ইরানকে রাজি করার চেষ্টা হিসাবে গত বছর লারিজানির সঙ্গে দীর্ঘ চার মাস আলোচনা চলে সোলানার নেতৃত্বে। কিন্তু সে আলোচনা ভেস্তে যায়। ডিসেম্বরে ইরানে নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গত মাসেও ইরানের ২য় দফা নিষেধাজ্ঞা আরোপ হয়েছে।

তবে ইরান পরমাণু কর্মসূচি বাদ না দেয়ার ব্যাপারে অটল রয়েছে। প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সিনিয়র কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে নিয়ে সোমবার নাতানজ পরমাণু স্থাপনা পরিদর্শন করবেন। তিনি বলেছেন, এদিন ইরান তাদের আণবিক পরিকল্পনা সম্পর্কে “নতুন খবর” শোনাবে।

আহমাদিনেজাদ কি ঘোষণা দিতে পারেন-এ প্রশ্নের জবাবে হোসেইনি বলেন, “২৪ ঘণ্টা অপেক্ষা করলে সবই জানতে পারবেন।”