২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভোরি কোস্টের বাফার জোন থেকে শান্তিরক্ষী প্রত্যাহার শুরু ১৬ এপ্রিল

আইভোরি কোস্টের সেনাবাহিনী ও গেরিলাদের মধ্যকার একটি বাফার জোন থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রত্যাহার ১৬ এপ্রিল শুরু হবে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 07 Apr 2007, 07:56 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

আইভোরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার জানান, যুদ্ধবিভক্ত দেশটিকে একত্রিত করার লক্ষ্যে সম্পাদিত সাম্প্রতিক চুক্তির আওতায় শুরু হবে শান্তিরক্ষী প্রত্যাহারের এ কাজ।

বাফার জোন নিরস্ত্রীকরণ এবং বিলম্বিত নির্বাচন ১০ মাসের মধ্যে আয়োজনে সম্মত হয়ে ৪ এপ্রিল আইভোরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট বাগবো এবং বিদ্রোহী নেতা গুইলোমে সোরো একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন।

২০০২-০৩ সালের সর্বাত্মক যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত কোকো উৎপাদনকারী দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহী নেতা গুইলোমে সোরোর ‘নিউ ফোর্সেস’ এর হাতে।

প্রতিবেশী বারকিনা ফাসোর মধ্যস্থতায় সম্পাদিত ওই চুক্তির পর প্রেসিডেন্ট বাগবো আইভোরি কোস্টের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন বিদ্রোহী নেতা সোরোকে।

ধারণা করা হচ্ছে, এ দুই নেতা শনিবার রাতে একটি নতুন সরকার গঠনের ব্যাপারে সম্মত হবেন।

বাগবোর সঙ্গে বৈঠকের পর আইভোরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কমান্ডার ফারনান্দ মার্কেল আমুসু শুক্রবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, “অগাদুগু চুক্তির আওতায় আস্থা অঞ্চলটি ১৬ এপ্রিল থেকে অবশ্যই নিরস্ত্র হতে হবে।”

জাতিসংঘ সমর্থিত কয়েক দফা শান্তি চুক্তির আওতায় এবং সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের সেনাদের সহায়তায় সাত হাজার সদস্যের শক্তিশালী শান্তিরক্ষী বাহিনী ২০০৩ সাল থেকে বাফার জোনটিতে টহল দিয়ে আসছে। যদিও সেসব শান্তি চুক্তি পুনরায় একত্রিত করতে পারেনি পশ্চিম আফ্রিকার এ দেশটিকে।

আমুসু বলেন, “১৬ এপ্রিল মধ্যরাত থেকে আস্থা অঞ্চলের আমাদের সব চেকপয়েন্ট আমরা ত্যাগ করব এবং অগাদুগু চুক্তি অনুসারে পর্যবেক্ষণ চৌকিগুলোতে অবস্থান নেব।

জাতিসংঘ ও ফরাসি সেনা প্রত্যাহারের পর বাফার জোনটির নিয়ন্ত্রণ নেওয়া শুরু করার লক্ষ্যে সেখানে ১৮০ সদস্যের এক যৌথ সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে এ সপ্তাহে সম্মত হয়েছেন আইভোরি কোস্টের সেনাবাহিনী এবং নিউ ফোর্সেস সেনা প্রধানরা।

দুই সপ্তাহ আগে ফ্রান্স বলেছিল, নতুন শান্তি চুক্তি সম্পাদিত হওয়ার পর তারা আইভোরি কোস্টে অবস্থানরত তাদের সাড়ে তিন হাজার শান্তিরক্ষীর মধ্য থেকে পাঁচশ জনকে প্রত্যাহার করবে।

আন্তর্জাতিকভাবে মধ্যস্থতাকারী কয়েক দফা শান্তি চুক্তি হওয়া সত্ত্বেও সেগুলোর কোনোটাই বাস্তবে রূপ পায়নি আইভোরি কোস্টে। তবে সংঘর্ষ অবসানের লক্ষ্যে সম্পাদিত অগাদুগু চুক্তি বাস্তবায়ন শুরুর মাধ্যমে যে আপাত উন্নতি হয়েছে তাতে আশার সঞ্চারিত হয়েছে আইভোরি কোস্টের বাণিজ্যিক রাজধানী আবিদজানে। ওই সংঘর্ষ পঙ্গু করে দিয়েছে সেখানকার এক সময়কার গতিশীল অর্থনীতিকে।