ইরাক যুদ্ধে ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে মর্মাহত ব্রিটিশ যুবরাজ
ইরাক যুদ্ধে ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবরে খুবই মর্মাহত ব্রিটিশ যুবরাজ উইলিয়াম। বসরায় বৃহস্পতিবার নিহত চার ব্রিটিশ সেনার একজন জোয়ানা ইয়র্ক ডায়ার যুবরাজ উইলিয়ামের সহপাঠী ছিলেন।
ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরা থেকে অভিযান শেষে ফেরার পথে নিহত হন সেকেন্ড লেফটেন্যান্ট ডায়ার। স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে যুবরাজ উইলিয়াম ও ডায়ার একসঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিলেন। তারা একইদিনে স্নাতক হন।
যুবরাজ চার্লসের দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “জো ডায়ারের মর্মান্তিক মৃত্যু সংবাদে যুবরাজ উইলিয়াম গভীরভাবে শোকাহত।”
“স্যান্ডহার্স্ট মিলিটারি একাডেমিতে জো তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি এখন তার (জোয়ানার) পরিবার এবং বন্ধুদের কথা ভাবছেন এবং তারা চিরদিনই তার ভাবনা এবং প্রার্থণায় থাকবেন।”
ব্রিটিশ যুবরাজ চার্লসের বড় ছেলে উইলিয়াম বর্তমানে সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট। কিন্তু ভবিষ্যতে মুকুটের সম্ভাব্য উত্তরাধিকারী বলে উইলিয়াম যুদ্ধে অংশ নিতে পারেননি। তবে তার ছোটো ভাই হ্যারি আগামী কয়েক মাসের মধ্যেই রাজকীয় বাহিনীর সেনা হিসেবে ইরাকে নিযুক্ত হতে পারেন।
