ব্রিটেনকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়েছে ইরান
ইরানের সদিচ্ছায় ১৫ ব্রিটিশ সেনার মুক্তির বিষয়ে ব্রিটেনকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। শনিবারের এ আহ্বানের মাধ্যমে ইরান ইঙ্গিত দিয়েছে, নিজেদের পরমাণু কর্মসূচি এবং ইরাকে মার্কিন সেনাদের হাতে আটক ইরানিদের বিষয়ে ব্রিটেনও একইরকম আচরণ করবে।
এদিকে মুক্তি পেয়ে দেশে ফিরে যাওয়া ব্রিটিশ সেনাদের মন্তব্যকে ‘বলার জন্য বলা’ বলে অভিহিত করেছে ইরান।
শুক্রবার ওই সেনারা এক সংবাদ সম্মেলনে বলেন, চোখ বেঁধে তাদের প্রত্যেককে আলাদা আলাদা রাখা হয়েছিল। সাত বছর পর্যন্ত তাদের কারা ভোগ করতে হতে পারে-এমন হুমকিও দেওয়া হয়েছিল বলে তারা জানান।
ব্রিটেনে ইরানের রাষ্ট্রদূত রাসূল মোভাহেদিয়ান ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আমাদের ভূমিকা পালন করেছি এবং সদিচ্ছা দেখিয়েছি। একটি ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে ব্রিটিশ সরকারের ওপর।”
ইরাকে অতীতে মার্কিন সেনাবাহিনী কূটনীতিবিদসহ অনেক ইরানিকে আটক করেছে এবং এখনও পাঁচজনকে আটকে রেখেছে। ইরান ইরাকে মার্কিন সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেরিলাদের সাহায্য করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
মোভাহেদিয়ান বলেন, ব্রিটিশ নৌসেনাদের মুক্তির বিষয়টি অন্য কোনো কিছুর সঙ্গে সম্পর্কিত নয়। তবে তিনি বলেন, “ব্রিটেন যদি সাহায্যকারী হতে চায় এবং তারা তাদের প্রভাব খাটায় তবে আমরা তা স্বাগত জানাব। এ অঞ্চলে উত্তেজনা প্রশমনে যেকোনো পদক্ষেপকে আমরা স্বাগত জানাব।”
ব্রিটিশ নৌসেনাদের আটক নিয়ে দুই সপ্তাহ ধরে চলমান অচলাবস্থার সময় কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়, পাঁচ ইরানির মুক্তির বিনিময়ে ১৫ ব্রিটিশ নৌসেনাকে মুক্তি দিতে চায় ইরান। বৃহস্পতিবার ওই অচলাবস্থার অবসান হয়েছে।
মোভাহেদিয়ান বলেন, ইরানের জন্য বিষয়টি ছিল ‘পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শনের’ এবং বিশ্বের প্রধান শক্তিগুলোর উচিত ব্রিটিশদের মুক্তির বিষয়ে তেহরানের সিদ্ধান্তের ‘ফলাফলগুলো খুঁটিয়ে দেখা।’
তিনি বলেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পরমাণু কর্মসূচির অধিকারের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও চীন স্বীকৃতি দিলে তিনি তাকে স্বাগত জানাবেন।
তিনি বলেন, “সেটাই ইরানের জন্য প্রধান ইস্যু এবং আমি মনে করি পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমাদের ভবিষ্যত সম্পর্কের একটি নতুন ভিত্তি প্রতিষ্ঠায় সাহায্য করতে পারে সেটি।”
একইসঙ্গে তিনি বলেন, “(১৫ সেনার মুক্তির বিষয়ে) ব্রিটিশ জনগণের আনন্দে আমরাও আনন্দিত এবং আমরা বিশ্বাস করি ইরানের সঙ্গে বাস্তবধর্মী যোগাযোগ প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের ইচ্ছা কী তা সুনির্দিষ্টভাবে ঠিক করার এটাই সঠিক সময়।”
পরমাণু অস্ত্র তৈরির জন্য ইরানের একটি গোপন কর্মসূচি রয়েছে বলে সন্দেহ পশ্চিমাদের। অন্যদিকে তেহরান বলছে, তাদের কর্মসূচি শুধুমাত্র জ্বালানির জন্য।
ব্রিটেন বলছে, তেহরান কর্তৃক ১৫ সেনার আটক নিয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ইরানের সঙ্গে কোনো চুক্তি হয়নি।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান সীমান্তে প্রবেশের কথা স্বীকারের মতো ‘সৎ সাহস’ ব্রিটেনের না থাকা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমা করার এবং ১৫ নৌসেনাকে মুক্তি দেয়ার।
ইরাক ও ইরানের মধ্যকার শাত আল-আরব অঞ্চল থেকে ২৩ মার্চ ১৫ ব্রিটিশ নৌসেনাকে আটকের পর শুরু হওয়া এ অচলাবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে বেড়ে যায় উদ্বেগ আর অস্থিতিশীলতা সৃষ্টি হয় অর্থ বাজারে।
আটকের সময় ব্রিটিশ নৌসেনারা কোথায় ছিল-বিতর্কের কেন্দ্র এটা। ব্রিটেন বলছে, জাতিসংঘের একটি নিয়মিত মিশনে তখন তারা ইরাকি জলসীমায় ছিল। তেহরান বলছে, ব্রিটিশ সেনারা তখন ইরানের সমুদ্রসীমার মধ্যে ছিল।
