শ্রীলংকায় বাসে বোমা হামলা, নিহত ৭
শ্রীলংকার উত্তরাঞ্চলে যাত্রিবাহী একটি বাসে বোমা হামলায় শনিবার কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। এ হামলার জন্য তামিল গেরিলাদের দায়ি করেছে সেনাবহিনী।
সামরিক মুখপাত্র প্রসাদ সামারাসিংহে বলেছেন, নিহত সাতজনের মধ্যে ছয়জনই বেসামরিক নাগরিক। নিহত অন্য একজন ছুটিতে থাকা সেনা সদস্য।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে এলটিটিইর একটি দল যাত্রিবাহী বাসটি লক্ষ্য করে ওই হামলা চালায়।
তবে তামিল টাইগাররা এ হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
এলটিটিই মুখপাত্র রাসিয়া ইলানথিরাইয়ান বলেছেন, “এটা একটা সাজানো গল্প। বেশ কয়েক সপ্তাহ ধরে উত্তরপূর্বাঞ্চলে এটা করা হচ্ছে। তামিল টাইগারদের ঘাড়ে দোষ চাপিয়ে আন্তর্জাতিকভাবে আমাদেরকে কোনঠাসা করতে সেনাবহিনীর গোয়েন্দা শাখা এ কাজ করছে।”
এর আগে গত সপ্তাহে একইরকম আরেকটি বোমা হামলায় ওই অঞ্চলে ১৬ জন নিহত হয়।
