ইরাকে ট্রাকবোমা হামলায় নিহত ১২
ইরাকের পশ্চিমাঞ্চলীয় রামাদি শহরের একটি পুলিশ চেকপয়েন্টে শুক্রবারের ট্রাকবোমা হামলায় নিহতের সংখ্যা ১২ জনে উন্নীত হয়েছে। মার্কিন সেনাবাহিনী শনিবার এ খবর জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনী দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হতাহতের যে সংখ্যা এর আগে বলা হয়েছিল প্রকৃত তারচেয়ে কম। সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিস্ফোরণে নয়জন নারী ও পাঁচজন শিশুসহ ৪৩ জন আহত হয়েছে ।
শুক্রবার ইরাকি পুলিশের তিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছিলেন, বিষাক্ত ক্লোরিন গ্যাস ছড়িয়ে পড়া সাম্প্রতিক হামলাগুলোয় কমপক্ষে ১০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। অপর এক পুলিশ কর্মকর্তা ৩৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছিলেন।
মার্কিন সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, চেক পয়েন্টে আসার সময় গতি কমানোর সঙ্কেত দেওয়া হলেও ট্রাকটি তা অমান্য করে। তখন পুলিশ গুলি চালায় এবং ট্রাকটি বিস্ফোরিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দুকের গুলিতে ট্রাকটির বিস্ফোরণ ঘটেছে না চালক নিজেই বিস্ফোরণ ঘটিয়েছে তা পরিষ্কার নয়।
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদি সুন্নি আরব গেরিলাদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার বেশ কয়েকটি ক্লোরিন হামলার জন্য আল কায়দা গেরিলাদের দায়ি করে আসছেন মার্কিন কমান্ডাররা।
