ইরাক নিয়ে বুশ ও ডেমোক্রেটদের মধ্যে সমঝোতার চিহ্নও নেই
ইরাক যুদ্ধের ব্যয় বরাদ্দ নিয়ে ডেমোক্রেট নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং প্রেসিডেন্ট জর্জ বুশের মধ্যকার সাংঘর্ষিক পথ থেকে ফিরে আসার আগ্রহ দেখাচ্ছে না কোনো পক্ষই।
১৯৯৫ সালে বিল ক্লিনটন ও রিপাবলিক দলের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের মধ্যে বাজেট সংক্রান্ত বিরোধে প্রশাসনিক কর্মকাণ্ড স্থগিত হয়ে যাওয়ার পর থেকে এই তিক্ত সংঘাতই রাজনৈতিক অচলাবস্থার সবচেয়ে নাটকীয় উদাহরণ। তখন ক্লিনটনের আচরণকে যুক্তিসংগত ভেবেছিল যুক্তরাষ্ট্রের জনগণ। আর রিপাবলিক দলকে ফেডারেল বাজেট বরাদ্দ কমানোর জন্য ‘মাত্রাতিরিক্ত শোরগোলকারী’ হিসেবে অভিযুক্ত করেছিল।
তবে ইরাক যুদ্ধ নিয়ে সৃষ্ট বিতর্কের পরিণতি কি হবে তা এখনও স্পষ্ট নয়। ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি কমিয়ে আনার প্রচারণা ডেমোক্রেটদের কংগ্রেস নিয়ন্ত্রণের মতো সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। তারা এ লক্ষ্য পূরণের জন্য ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের ব্যয় মেটানোর জন্য জর্জ বুশের ১০ হাজার ডলার ব্যায় বরাদ্দের অনুরোধের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার প্রস্তাব যুক্ত করে দেয়।
জরিপে ডেমোক্রেটদের অবস্থানের পক্ষে শক্ত সমর্থন থাকলেও হোয়াইট হাউসের কর্মকর্তারা ভাবছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকরা অবশেষে বুশের সঙ্গে সহমত হবেন। যদিও ইরাক যুদ্ধকে সমর্থন করছে না অধিকাংশ নাগরিক এবং সাধারণ জনগণ এটা নিয়ে উদ্বিগ্ন, এরপরও সেনাদের জন্য অর্থ বরাদ্দ করা উচিত।
দ্বিপাক্ষিক সহযোগিতার জন্য হোয়াইট হাউস ও ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের মধ্যে আন্তঃদলীয় আলোচনা সত্ত্বেও আবারও নীতিগত বিরোধে জড়িয়ে পড়েছে দুই পক্ষ।
হোয়াইট হাউস ইরাক যুদ্ধের ব্যয় বরাদ্দ বিলের সমালোচনার জন্য প্রতিদিনই ডেমোক্রেট দলের নেতাদের বাছাই করছে, তারা হুমকি দিচ্ছে সেনাদের অদল-বদলের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না পাওয়া গেলে ইরাকে যুদ্ধরত সেনাদের দায়িত্বকালের মেয়াদ বাড়ানো হবে। বৃহস্পতিবার ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ডেমোক্রেট দলের নীতিকে আক্রমণে নেতৃত্ব দেন।
রাশ লিমবাগের কনজারভেটিভ টক শে তে চেনি বলেন, “আমি বিশ্বাস করি হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ ডেমোক্রেট দলীয় অধিকাংশ নেতাই গোয়ার্তুমি করে ইরাক যুদ্ধের বিরোধিতা করছেন এবং তারা সেখানে বিজয়ী হওয়ার লক্ষ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার নীতিকে সমর্থন না করে যুদ্ধ বন্ধ করে পরাজিত হয়ে দেশে ফেরার জন্য প্রস্তুত।”
ডেমোক্রেটরা এখনও এই প্রস্তাব বুশের অনুমোদনের জন্য পেশ করেননি। আগেই এ প্রস্তাবে ভোটো দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বুশ। এই প্রস্তাব বুশের অনুমোদনের জন্য পেশ করার আগে তারা প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদিত প্রস্তাবের মধ্যে অসঙ্গতি সংশোধন করবেন। প্রতিনিধি পরিষদে অনুমোদিত প্রস্তাবে ২০০৮ সালের ১ সেপ্টেম্বরের আগে ইরাক থেকে সেনা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং সিনেটে অনুমোদিত প্রস্তাবে সেনা অপসারণের সময়সীমা এগিয়ে এনে ২০০৮ সালের ৩১ মার্চের আগেই সেনা প্রত্যাহারের বিষয়টা চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়।
জর্জ বুশ ইস্টারের ছুটি উপলক্ষে এখন ক্রফর্ডে তার খামার বাড়িতে অবস্থান করছেন। তিনি সেখান থেকে ফিরে আসার আগেই তাদের মধ্যকার মতপার্থক্য ঘুচিয়ে একটা গ্রহণযোগ্য প্রস্তাব উত্থাপন করতে পারবেন এ বিষয়ে নিশ্চিত ডেমোক্রেটরা। তাদের দাবি, প্রশাসনের সমগুরুত্বপূর্ণ অংশ কংগ্রেসের সঙ্গে বুশ এ বিষয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করুন।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হ্যারি রিড ফক্স নিউজের সহযোগী লাস ভেগাসের কেভিভিইউকে বলেছেন, “তার আমাদের সঙ্গে বসে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত। কারণ, আমাদের অবস্থান যৌক্তিক।”
তিনি এর আগে কংগ্রেসে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতার দিকে ইঙ্গিত করে বলেন, “আমরা আগে অনেক বিষয়েই সমঝোতা করতে বাধ্য হয়েছি। তিনি করেননি, কারণ তখন কংগ্রেস তার সব দাবি পূরণের ব্যবস্থা করেছে। আমরা আর সেটা করতে আগ্রহী নই, আমাদের এখন সেটা করতেও হবে না।”
সাবেক পররাষ্ট্র সচিব ও বুশ পরিবারের বন্ধু জেমস বেকার, যিনি আন্তঃদলীয় কমিশন ইরাক স্টাডি গ্রুপের প্রধান হিসেবে কর্মরত ছিলেন, সম্ভাব্য সমঝোতার আহ্বান জানিয়েছেন। এই আন্তঃদলীয় কমিশন গত বছর ইরাক নীতি পরিবর্তনে ৭৯টি সুপারিশ করেছিলো।
তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ইরান ও সিরিয়ার সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাবসহ এই পরিষদের প্রধান প্রধান সুপারিশগুলো অগ্রাহ্য করেছেন বুশ।
বৃহস্পতিবার ‘দি ওয়াশিংটন পোষ্ট’ এ বেকার একটি মন্তব্য প্রতিবেদনে লিখেছেন, বুশের উচিত এই কমিশনের সবগুলো সুপারিশ মেনে নিয়ে ডেমোক্রেটদের সহযোগিতার আহ্বান জানানো এবং এরপরও যদি তারা বুশের প্রস্তাবিত নীতির সঙ্গে যুক্ত হতে অস্বীকার করে তবে ‘ঐক্যবদ্ধ দ্বিপাক্ষিক প্রক্রিয়ার সিদ্ধান্ত অস্বীকার করার দায় সম্পূর্ণ বর্তাবে তাদের ওপর’।
“এই পথে অগ্রসর হতে উভয় পক্ষকেই ছাড় দিতে হবে। তবে তা ইরাক ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির উদ্দেশ্য বাস্তবায়নের পথে ক্রমাগত মতাদর্শিক সংঘাতের তুলনায় অনেক ভালো।”
