সদরের ঘাঁটিতে ইরাকি-মার্কিন বাহিনীর সাঁড়াশি অভিযান
যুক্তরাষ্ট্র-বিরোধী শিয়া নেতা মুক্তাদা আল সদরের ঘাঁটি দিওানিয়ায় শুক্রবার সাঁড়াশি অভিযান শুরু করেছে মার্কিন ও ইরাকি বাহিনী। শহরটিতে কারফিউ জারি করা হয়েছে এবং রাস্তাঘাট বন্ধ করে দিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।
মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “জঙ্গি তৎপরতা বন্ধ করা এবং শহরে স্থিতিশীলতা ফিরিয়ে এনে নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন ঘটনোসহ ইরাক সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই তাদের অভিযানের লক্ষ্য।”
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, শহরটির স্থানীয় পুলিশ বাহিনীকে অভিযান চলাকালে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। পুলিশের অনেক সদস্যই জঙ্গিদের সঙ্গে জড়িত সন্দেহে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
বিগত মাসগুলোতে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সঙ্গে মুক্তাদা আল সদরের ব্যাপক সংঘর্ষ হয়েছে দিওয়ানিয়ায়। এ অভিযান শুরুর পরও শহরটির দক্ষিণাঞ্চলে সদরের অনুসারীদের সঙ্গে লড়াইয়ের খবর পাওয়া গেছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, সংঘর্ষে ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
