আরও ১২,০০০ যোদ্ধাকে ইরাক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি
আরও ১২,০০০ ন্যাশনাল গার্ড যোদ্ধাকে ইরাকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। নতুন ইরাক নীতিতে সেনা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা অনুসারে আগামী বছরের শুরুতে এ সেনাদের ইরাকে পাঠানো হতে পারে। এ সংক্রান্ত প্রস্তাবটি প্রতিরক্ষামন্ত্রীর স্বাক্ষরের অপেক্ষায় আছে। এনবিসি নিউজ চ্যানেল বৃহস্পতিবার একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের কয়েকটি ইউনিটে নিয়োজিত চারটি ‘কমব্যাট ব্রিগেড’কে এজন্য মানসিকভাবে প্রস্তুত করা হচ্ছে। সেনা পাঠানোর প্রস্তাবটিতে প্রতিরক্ষামন্ত্রীর স্বাক্ষর পেলেই ওই সেনাদের ইরাকে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হবে।
প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইরাক প্রসঙ্গে অন্য অনেক কথা বললেও নতুন ১২ হাজার সেনা পাঠানোর বিষয়টি উল্লেখ করেননি। এদিকে পেন্টাগনের এক মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অবশ্য এর আগে সোমবার ইরাকে নতুন নয় হাজার সেনা পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে পেন্টাগন। এ সেনাদের বেশিরভাগই ইরাক থেকে মেয়াদ শেষে ফেরা যোদ্ধাদের স্থলাভিষিক্ত হবেন।
বুশ প্রশাসনের নতুন ইরাক নীতিতে সহিংসতা কমানো ও গোষ্ঠীগত দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে সেখানে আরও ৩০ হাজার নতুন সেনা মোতায়েনের কথা বলা হয়েছে। ইরাকে বর্তমানে এক লাখ ৪৫ হাজার মার্কিন সেনা মোতায়েন আছে।
