দেশে ফিরে যাচ্ছেন ইরানে আটক ব্রিটিশ নৌসেনারা
ইরানে আটক ব্রিটিশ নৌসেনারা গ্রিনিচ মান সময় সাড়ে ৪টায় তেহরান থেকে একটি বিমানে করে লন্ডনে উদ্দেশে রওনা দিয়েছেন। বিমান কর্মকর্তারা এ খবর জানান। এর মধ্য দিয়ে দুই সপ্তাহ ধরে চলমান আন্তর্জাতিক উদ্বেগের অবসানের পাশাপাশি বিশ্বের আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরে এসেছে।
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইরান সীমান্তে প্রবেশের কথা স্বীকারের মতো ‘সৎ সাহস’ ব্রিটেনের না থাকা সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন ক্ষমা করার এবং ১৫ নৌসেনাকে মুক্তি দেয়ার।
ইরাক ও ইরানের মধ্যকার শাত আল-আরব অঞ্চল থেকে ২৩ মার্চ ১৫ ব্রিটিশ নৌসেনাকে আটকের পর শুরু হওয়া এ অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধানের পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যায়। স্থিতিশীলতা ফিরে আসে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ নৌসেনারা ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে সম্পর্কিত ব্রিটিশ মেডিটেরিয়ান এয়ারওয়েজের একটি বিমানে করে দেশের উদ্দেশ্যে রওয়ারা হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্রিটিশ মেডিটেরিয়ান এয়ারওয়েজের এক কর্মকর্তা জানান, বিমানের বিজনেস ক্লাস সেকশনে যাবেন ব্রিটিশ সেনারা এবং ১৫ জনই একসঙ্গে থাকবেন। পাশাপাশি তাদের সঙ্গীরাও বিমানের ওই সেকশনে থাকতে পারবেন।
আহমাদিনেজাদ তার সংবাদ সম্মেলনে বলেন, “নবীর (সাঃ) প্রভাবে উদ্বুদ্ধ হয়ে ইরান এই ১৫ জনকে ক্ষমা করে দিচ্ছে এবং এদের মুক্তিকে ব্রিটিশ জনগণের কাছে উপহার হিসেবে পাঠানো হচ্ছে।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ১৫ নৌসেনার মুক্তিকে স্বাগত জানিয়েছেন।
লন্ডনে তিনি সাংবাদিকদের বলেন, “সর্বদাই আমরা পরিমিত আচরণ করেছি। আমরা স্থির ও শান্ত ছিলাম। আমরা আলোচনাও করিনি, বিবাদেও যাইনি। আর ইরানি জনগণের উদ্দেশে আমি সহজভাবে এ কথাই বলব, আমরা আপনাদের নিয়ে কোনো খারাপ ইচ্ছা পোষণ করি না।”
ব্রিটিশ নৌসেনারা আটকের সময় কোথায় ছিলেন তা নিয়ে বিতর্ক কেন্দ্রীভূত হয়। একদিনে ব্রিটেনের দাবি, জাতিসংঘের একটি নিয়মিত মিশনে তখন তারা ইরাকি জলসীমায় ছিলেন। অন্যদিকে তেহরান বলছে, ব্রিটিশ সেনারা তখন ইরানের সমুদ্রসীমায় অবস্থন করছিলেন।
শাত আল-আরবে ব্রিটিশ ও ইরানি নৌসেনারা নিয়তিম টহল দিয়ে এলেও এখানকার ইরাক-ইরান জলসীমা সুনির্দিষ্ট নয়। ফলে এটি রয়ে গেছে সম্ভাব্য সংঘাতের একটি এলাকা হিসাবে।
১৫ ব্রিটিশ নৌসেনাকে মুক্তি দেয়ার ঘোষণার পর হাস্যোজ্জ্বল আহমাদিনেজাদ তাদের কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। স্মার্ট স্যুট পরিহিত সেসব সেনার সঙ্গে তিনি করমর্দন এবং দোভাষীর সাহায্যে আলাপ করেন।
তাদের মধ্যকার এক সেনা আহমাদিনেজাদকে বলেন, “আপনার ক্ষমার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমি আপনাকে এবং ইরানি জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।”
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট অ্যাঙ্গেলা মার্কেল এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ১৫ ব্রিটিশ সেনার মুক্তির খবরকে স্বাগত জানিয়েছেন।
মুক্তির খবরে ব্রিটেনে ওই ১৫ নৌসেনার আত্মীয়স্বজন উচ্ছ্বাস প্রকাশ করেন। আটকদের একজন নাথান সামার্সের ভাই নিক সামার্স স্কাই নিউজকে বলেন, “এটা খুবই চমৎকার খবর। এতে আমি খুবই আনন্দিত।”
ব্রিটিশ সংবাদপত্রগুলোতে অচলবস্থার অবসানকে স্বাগত জানিয়েছে। তবে তারা প্রশ্ন তুলেছে কীভাবে এ অচলাবস্থার অবসান হলো তা নিয়ে।
ডেইলি টেলিগ্রাফ তাদের শিরোনাম করেছে, “ওরা দেশে ফিরছে”। তবে তারা আরও লিখেছে: “তবে একটি গোপন চুক্তিতে অর্জিত হয়েছে ১৫ ব্রিটিশ সেনার মুক্তি।”
দ্যা ডেইলি মিরর শিরোনাম করেছে, “মুক্তি!”। তবে তারা বলেছে, “এখন প্রশ্নগুলো হচ্ছে: তারা কি ইরানের জলসীমায় ছিল? কোনো চুক্তিগুলো হয়েছিল? এবং এটা কি ব্লেয়ারের জন্য একটি কূটনৈতিক সফলতা না ব্রিটেনের জন্য একটি অপমান।”
বুধবারের ঘোষণার আগে মাহমুদ আহমাদিনেজাদ ওই ১৫ সেনাকে আটককারী ইরানি নৌসেনা দলের কমান্ডারকে একটি মেডেল পুরস্কার দেন এবং ব্রিটেনের সমালোচনা করেন। প্রথমে এতে মনে হয়েছিল, তিনি তাদের মুক্তি নাও দিতে পারেন।
