২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনা সরিয়ে আনলে ইরাকে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ শুরু হতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরাকে মার্কিন সেনাদের তৎপরতা সীমিত এবং বাগদাদ থেকে সেনা প্রত্যাহার করা হলে দেশটিতে ‘জাতিগত শুদ্ধি অভিযান’ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রতিরক্ষমন্ত্রী রবার্ট গেটস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 Apr 2007, 11:43 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট দলের প্রধান সিনেটর হ্যারি রিড ২০০৮ সালে ইরাক যুদ্ধের অধিকাংশ ব্যয় কমিয়ে আনার প্রস্তাব দেওয়ার পর গেটস এ মন্তব্য করলেন। রিডের ওই প্রস্তাবে ইরাক যুদ্ধের ব্যয় কমাতে সেখানে আল কায়েদা যোদ্ধাদের খুঁজে বের করা এবং ইরাকি সেনাদের প্রশিক্ষণ ও তাদের সহায়তা দেওয়া সংক্রান্ত মার্কিন সেনাদের তৎপরতা কমিয়ে আনার কথা বলা হয়েছে।

এ প্রসঙ্গে গেটস বলেন, “একটা সত্যিকারের সম্ভাবনা হলো, আমরা যদি ইরাকের কয়েকটি এলাকায় অভিযান বাদ দিয়ে সেনাদের দেশটির অন্যান্য এলাকায় ছড়িয়ে দেই কিংবা নির্ধারিত এসব অভিযান বন্ধ করে দেই তবে বাগদাদের ভেতরে এবং মোটা দাগে ইরাকে জাতিগত শুদ্ধি অভিযান শুরু হতে পারে।”

ইরাক যুদ্ধের ব্যয় মেটানোর জন্য পেন্টাগন কংগ্রেসের কাছে ১০ হাজার কোটি ডলার চেয়েছে। গেটস বারবার সতর্ক করে বলেছেন, এ অর্থ অবশ্যই ১৫ এপ্রিলের মধ্যে মার্কিন সেনাবাহিনীর হাতে পৌঁছাতে হবে। তা না হলে ইরাকি সেনাদের প্রশিক্ষণ এবং তাদের অস্ত্র মেরামতের কাজ বন্ধ হয়ে যাবে।

প্রেসিডেন্ট বুশের ভেটো প্রয়োগের হুমকি সত্ত্বেও ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেস অর্থ ছাড়ের সঙ্গে ক্রমবর্ধমান হারে অজনপ্রিয় হয়ে ওঠা ইরাক যুদ্ধ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানিয়ে আসছে।

গেটস অবশ্য বুশের ভেটো প্রয়োগের হুমকি নিয়ে সৃষ্ট রাজনৈতিক বিতর্ক সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নেভাদা থেকে নির্বাচিত সিনেটর রিড ২০০৮ সালের ৩১ মার্চের পর থেকে ইরাক যুদ্ধের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করতে আনা একটি প্রস্তাব অনুমোদনের জন্য এ সপ্তাহে বুশ প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছেন।