ইরাক যুদ্ধ নিয়ে মার্কিনিদের উদ্বেগের স্বীকৃতি দিলেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ অবশেষে ইরাক যুদ্ধ নিয়ে তার দেশের জনগণের উদ্বেগের স্বীকৃতি দিয়েছেন। তবে ইরাকে আরও মার্কিন সেনা পাঠানোর ব্যাপারে নিজের সিদ্ধান্তে অটল আছেন তিনি।
বুধবার ক্যালির্ফোনিয়ার মরুভূমিতে অবস্থিত ফোর্ট আরউইন সফরকালে বুশ নমনীয় স্বরে বলেন, “এটা খুব কঠিন একটা যুদ্ধ। মার্কিন জনগণ এ যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন।”
বুশ তার এ বক্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ইরাক যুদ্ধের অজনপ্রিয়তার বিষয়টিকেই স্বীকৃতি দিলেন। ইরাকে এখন পর্যন্ত তিন হাজার ২০০ এরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছেন। এরপরও বুশ ইরাক ও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত কোনো সময়সীমা বেঁধে না দিয়ে দেশ দুটিতে চলমান যুদ্ধের জন্য ১০ হাজার কোটি ডলার অর্থ চেয়ে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসের ওপর চাপ দিয়েই যাচ্ছেন।
ইরাকে আরও প্রায় ৩০ হাজার সেনা মোতায়েন সংক্রান্ত নিজের সিদ্ধান্ত সমর্থন করে বুশ বলেন, তিনি বাগদাদে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ওই অঞ্চলে মার্কিন মিত্র ইসরায়েলকে হুমকির মুখে ফেলতে পারে এমন যেকোনো সংঘাত এড়িয়ে চলতে চান।
এ প্রসঙ্গে বুশ বলেন, “আমাকে যেকোনো একটা সিদ্ধান্ত নিতেই হতো।”
বুশের এ বক্তব্য শোনার জন্য ওই ঘাঁটিতে অবস্থানরত সেনারা ভিড় জমান। এদের অনেকেই চাকরিসূত্রে ইরাকে যাওয়ার জন্য প্রস্তত হচ্ছেন।
বুশ আবারও ইরাক যুদ্ধে অর্থ যোগানোর সঙ্গে সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া নিয়ে ডেমোক্রেটদের দাবির সমালোচনা করেন।
তিনি বলেন, “ডেমোক্রেটরা, যারা ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়ার দাবি জানাচ্ছেন, তারা খুবই চমৎকার মানুষ। কিন্তু আমরা ওয়াশিংটনে বসে নিজেদের মধ্যকার বিবাদকে টেনে নিয়ে যেতে পারি না, কারণ তাতে আমাদের সেনারা ক্ষতিগ্রস্ত হবে।”
