আটক ব্রিটিশ নৌসেনাদের ছেড়ে দেওয়া হচ্ছে: আহমাদিনেজাদ
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ আটক ব্রিটিশ নৌসেনাদের মুক্তির নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার এরা দেশের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে ইরান সরকারের একটি সূত্র জানিয়েছে।
ব্রিটেনকে পাঠানো ‘উপহার’ হিসেবে তিনি এদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে আহমাদিনেজাদ জানান।
বুধবার তেহরানে ঘণ্টাব্যাপী এক সংবাদ সম্মেলনে আহমাদিনেজাদ এ ঘোষণা দেন। নাটকীয় এ ঘোষণার পর তিনি বলেন, ব্রিটেন ইরানের নৌসীমা লঙ্ঘন করায় তিনি ‘দুঃখ’ পেয়েছেন এবং নিজেদের ভুল স্বীকার করার মতো ‘সৎ সাহস’ যে দেশটির নেই তা বুঝতে পেরেছেন। অথচ, তিনি বিষয়টিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে চেয়েছিলেন।
তিনি বলেন, “নবীর (সাঃ) প্রভাবে উদ্বুদ্ধ হয়ে ইরান এই ১৫ জনকে ক্ষমা করে দিচ্ছে এবং এদের মুক্তিকে ব্রিটিশ জনগণের কাছে উপহার হিসেবে পাঠানো হচ্ছে।”
‘‘‘আমি জনাব ব্লেয়ারকে অনুরোধ জানাচ্ছি, সত্যকে গ্রহণ করার এবং সত্য বলার জন্য তিনি যেন এদের শাস্তি না দেন।
ব্রিটিশ কর্তৃপক্ষ এবং মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ আহমাদিনেজাদের এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন।
এ ঘোষণা দেওয়ার আগে আহমাদিনেজাদ ব্রিটিশ নৌসেনাদের আটককারী ইরানি নৌ কমান্ডারদের মেডেল প্রদান করেন।
