নৌসেনা আটক ঘটনায় যুক্তরাজ্যের বর্তমান তৎপরতাকে স্বাগত জানিয়েছে ইরান
তেহরানে আটক নৌসেনাদের মুক্তি সংক্রান্ত জটিলতা কাটাতে যুক্তরাজ্যের বর্তমান তৎপরতাকে স্বাগত জানিয়েছে ইরান। আর যুক্তরাজ্য বলছে, বিষয়টি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার জন্য তেহরানের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় আছে তারা। এদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর ধারণা, খুব শিগগিরই বিষয়টির সুরাহা হচ্ছে না। অন্যদিকে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ইরানের পার্লামেন্টের স্পিকার গোলাম আলী হাদ্দাদাদেল বলেছেন, “নৌসেনা আটক ঘটনার জটিলতা কাটাতে এখন ‘সঠিক পথেই’ এগুচ্ছে যুক্তরাজ্য। তবে ওই ঘটনার জন্য তাদের অবশ্যই ক্ষমা চাইতে এবং আচরণের পরিবর্তন ঘটাতে হবে।”
বুধবার ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমের ওয়েবসাইটে তার এ বক্তব্য প্রকাশিত হয়।
এর আগে ইরান এ ইস্যুতে যুক্তরাজ্যের তৎপরতার সমালোচনা করে আসছিল। তারা বলছিল, এটি দ্বিপাক্ষিক সমস্যা এবং উভয় পক্ষের আলোচনার মধ্য দিয়েই এর সমাধান সম্ভব। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছিল, যুক্তরাজ্য যদি অহেতুক উত্তেজনা সৃষ্টিকারী আচরণ অব্যাহত রাখে, তবে এ সমস্যার সমাধান হবে না।
বুধবার তেহরানে সংবাদ সম্মেলন ডেকেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মঙ্গলবার হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে, সংবাদ সম্মেলনেই এনিয়ে ইরানের অবস্থান ব্যাখ্যা করবেন আহমাদিনেজাদ।
নৌসেনাদের মুক্তিতে মঙ্গলবার প্রথম ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় আগ্রহ প্রকাশ করে যুক্তরাজ্য। ওইদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, সমস্যাটির কূটনেতিক সমাধানই চান টনি ব্লেয়ার। আর খুব শিগগিরই এ নিয়ে দুই পক্ষের সরাসরি আলোচনা হওয়া প্রয়োজন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বুধবার বলেন, “আমরা ইরানের পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষা করছি।”
ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, নৌসেনা ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ট্রেইসম্যান মঙ্গলবারও লন্ডনে ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। এটি ছিল তাদের মধ্যে নবম বৈঠক।
এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট মঙ্গলবার জানান, নৌসেনা সংক্রান্ত সমস্যার খুব দ্রুত সমাধান হবে বলে তিনি মনে করেন না।
তবে ইরানে সরাসরি সামরিক অভিযানের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, “আমরা সংঘাত চাই না। কূটনৈতিক পন্থায়ই এর সমাধান চাই আমরা।”
