সলোমনের বহু এলাকায় এখনও ত্রাণ পৌঁছেনি
ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত সলোমনে জরুরি অবস্থার পর এবার দুটি প্রদেশে ‘দুর্যোগকালীন অবস্থা’ ঘোষণা করা হয়েছে। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলে বহু দুর্গম এলাকায় ত্রাণকর্মীরা এখনও পৌঁছাতে পারছেন না।
হাজার হাজার গৃহহীন মানুষ আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছে। খাওয়ার পানির তীব্র অভাব দেখা দিয়েছে এবং মহামারি আকারে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সলোমনের স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড গিরো মঙ্গলবার জরুরি অবস্থা ঘোষণা করেন। উপদ্রুত অঞ্চলে ম্যালেরিয়াসহ অন্যান্য রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সরকারি ও ত্রাণ কর্মকর্তারা।
দেশের রেডক্রস মহাসচিব বলেছেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে থাকবে এবং মৃতের সংখ্যাও আরও বাড়বে। তিনি বলেন, আমি মনে করি এখন সবচেয়ে বেশি দরকার খাওয়ার পানি ও তাঁবু। বহু মানুষ এখনও ভীত-সন্ত্রস্ত হয়ে রয়েছে, গাছপালার আশ্রয় ছেড়ে তারা ফিরতে চাইছে না, তাদের জন্য পর্যাপ্ত তাঁবুর ব্যবস্থা করা দরকার।”
রেডক্রস কর্মকর্তা কেলি সতর্ক করে দিয়ে বলেন, “পাহাড়ে কিংবা উঁচু অঞ্চলে স্থাপন করা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পয়নিষ্কাশন সমস্যা মারাত্মক সংকট তৈরী করতে পারে। এ থেকে মহামারি আকারে রোগ ছড়িয়ে পড়তে পারে।”
শিবিরগুলোতে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বলে তিনি জানান।
শক্তিশালী ৮ মাত্রার ভূমিকম্পের পরবর্তী প্রভাবে এখনও ছোট ছোট ভূমিকম্প হতে থাকায় সলোমনের পশ্চিম প্রদেশ ও চউসিউল প্রদেশে আতঙ্ক বিরাজ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ প্রদেশ দুটিতে কয়েকহাজার বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। উপকূলীয় অঞ্চল সুনামির পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
