নাগরিকত্ব হারালেন হিটলার
সেই ১৯৩২ সালে শহরটিতে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছিল এডলফ হিটলারকে। তার মৃত্যুর পর বিষয়টি এতদিন কেউ ভাবেনি। হঠাৎ করে বোধোদয় হয়েছে হেইলিগেনডাম শহরবাসীর। তাই সে সম্মান প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
তবে এ বোধোদয়ের পেছনে মূল কারণটি অন্য, সেটা হচ্ছে জিএইট বৈঠক। কেননা, আগামী জুন মাসে জি-এইটের পরবর্তী বৈঠকটি হতে চলেছে জার্মানির ওই শহরটিতে।
মাত্র ৩৫০ জন বাসিন্দার শহর হেইলিগেনডামে বেশ কয়েক গ্রীষ্মে অবকাশ যাপনে গিয়েছিলেন হিটলার। আর তাই ১৯৩২ সালের ১৫ আগস্ট সম্মানার্থে তাকে দেওয়া হয় ওই শহরের নাগরিকত্ব। শুধু হেইলিগেনডামই নয়, জার্মানির অন্তত হাজারখানেক শহর এমন নাগরিকত্ব দিয়েছিল হিটলারকে। পরে ১৯৪৫ সালে হিটলারের আত্মহননের পর এমনিতেই তার অবসান ঘটে।
এ প্রসঙ্গে হেইলিগেনডামের শহর প্রশাসনের কর্মকর্তা গেরহার্ড কুকলা রয়টার্সকে বলেন, “জি-এইট সম্মেলনের কারণেই আমরা আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত নিচ্ছি। যাতে কোনো ধরনের বিতর্ক না উঠতে পারে। এর কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ তার মৃুত্যুর সঙ্গে সঙ্গেই ওই অধ্যায়ের অবসান ঘটেছে।”
