‘বুশেহের বিতর্ক ইরানের পরমাণু কর্মসূচির যৌক্তিকতা প্রমাণ করছে’
ইরান বলেছে, রাশিয়া যদি ইরানকে তার বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ না করে তাহলে ইরানের নিজস্ব পারমাণবিক জ্বালানি তৈরির পদক্ষেপের যৌক্তিকতাই প্রমাণিত হবে। বুশেহের পরমাণু প্রকল্পের নির্মাণ কাজে রাশিয়া-ইরান বিতর্কে মঙ্গলবার একথা বলেছে দেশটি।
পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের দ্বন্দ্বের কেন্দ্রস্থলে রয়েছে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে ব্যবহারের লক্ষ্যে দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প। পশ্চিমা দেশগুলোর বিশ্বাস, জ্বালানির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের আড়ালে পরমাণু বোমা তৈরির প্রয়াস চালাচ্ছে দেশটি। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ স্বীকার করে আসছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান গোলামরেজা আগাজাদেহ মঙ্গলবার বুশেহের পরমাণু শক্তি কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, “রাশিয়া যদি আমাদের পারমাণবিক জ্বালানি সরবরাহ না করে তবে তা আমাদের নিজস্ব জ্বালানি চাহিদার প্রয়োজনীয়তার যৌক্তিকতা প্রমাণ করবে এবং আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পর কাজ জোরেশোরে শুরুর কথা ভাবতে হবে।”
তবে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে বিরোধের “অর্থনৈতিক বিপত্তিগুলো দূর হয়েছে”। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে ইরান পুনরায় পাওনা শোধ শুরু করেছে, তবে এখনও তাদের কিছু পাওনা রয়েছে।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বন্দরনগরী বুশেহেরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ করছে রাশিয়া। ইরানের কাছ থেকে নির্দিষ্ট সময়ে পাওনা টাকা না পাওয়ার কারণ দেখিয়ে গত মার্চে সেখানে নির্ধারিত পারমাণবিক জ্বালানি সরবরাহ করেনি তারা। কিন্তু ইরান দাবি করেছে, চুক্তি অনুযায়ী রাশিয়ার সব পাওনা সময়মতোই পরিশোধ করেছে তারা।
