বিচারপতি বরখাস্তের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ চলছেই
প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্তের ঘটনায় পাকিস্তানে বিক্ষোভ চলছেই। মঙ্গলবারও শত শত রাজনৈতিক কর্মী ইসলামাবাদে সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করেছে। ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের শুনানি ঘিরে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।
পাঁচ বিচারক নিয়ে সুপ্রিম কোর্টের একটি প্যানেলে ইফতেখার চৌধুরীর অভিযোগের শুনানি হচ্ছে। সোমবার তাকে আদালতে হাজির করার আগে আদালতের বাইরে রাস্তায় অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তারা প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তার পদত্যাগ দাবি করে।
সমাবেশে উপস্থিত পার্লামেন্ট সদস্য ফরিদ পারাচা বলেন, “এ আন্দোলন থামবে না। এ আন্দোলনের মধ্য দিয়েই আমরা একনায়কতন্ত্র উৎখাত করব।”
পুলিশ আদালতের আশপাশের রাস্তাগুলোতে গাড়ি চলাচল বন্ধ করে দিলেও বিক্ষোভে বাধা দেয়নি।
রাজধানীর বাইরে অন্যান্য শহরগুলোতেও বিক্ষোভের ডাক দেওয়া হয়। সোমবার বিভিন্ন স্থান থেকে পুলিশ কয়েক শ’ রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করে। ইসলামি জোটের নেতা কাজী হুসেইন আহমেদকেও ইসলামাবাদে গৃহবন্দি করা হয়। বিচারপতি বরখাস্তের প্রতিবাদে সারাদেশের আইনজীবীরা আদালত বর্জন করছেন।
চলমান বিক্ষোভকে মুশাররফের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ হিসেবে দেখা হলেও এখনও এতে জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে বিচারপতি ইফতেখার চৌধুরীকে বরখাস্ত করে সরকার। তবে ইফতেখার চৌধুরী সে অভিযোগ অস্বীকার করছেন।
তিনি তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রকাশ্য শুনানি দাবি করেন। পাশাপাশি বরখাস্ত হওয়ার পর দেওয়া প্রথম বক্তব্যে তিনি বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখায় সচেষ্ট থাকতে আইনজীবীদের প্রতি আহ্বান জানান।
