তেইশ তামিল গেরিলাকে হত্যার দাবি শ্রীলংকা সেনাবাহিনীর
শ্রীলংকার সেনাবাহিনী দেশটির পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে সোমবার রাতে চারটি গেরিলা ঘাঁটি দখল করে নিয়েছে। সেনাদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ গেরিলা নিহত হয়েছে। দেশটির এক সামরিক মুখপাত্র মঙ্গলবার একথা জানান।
শ্রীলংকার বাত্তিকালোয়া থেকে গেরিলাদের পিছু হঠাতে সেনা অভিযান শুরু হলে সোমবার এ সংঘর্ষ ঘটে। একইদিনে ওই অঞ্চলে একটি যাত্রীবাহী বাসে গেরিলাদের বোমা হামলায় কমপক্ষে ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার প্রাসাদ সামারাসিংহে বলেছেন, “তেইশ তামিল টাইগার গেরিলার মৃত্যুর বিষয়ে নিশ্চিত আমরা। কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই এ অঞ্চলের চারটি গেরিলা ঘাঁটি দখল করে নিয়েছি আমরা।”
বাত্তিকালোয়ার গেরিলা ঘাঁটি দখল এবং ২৩ গেরিলা নিহত হওয়ার বিষয়ে তামিলদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, বাসে বোমা হামলার সঙ্গে তামিল টাইগারদের কোনো সম্পৃক্ততা নেই।
তামিল টাইগারদের সঙ্গে সরকারি সেনাদের নতুন করে শুরু হওয়া লড়াইয়ে গত সপ্তাহের শেষ থেকে সোমবার পর্যন্তই নিহত হয়েছে কমপক্ষে ৫০ জন। সেনা-গেরিলা লড়াইয়ে স্থলযুদ্ধ, নৌযুদ্ধ, বিমান হামলা, বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং অন্যান্য চোরাগুপ্তা হামলায় গত ১৫ মাসে প্রায় চার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
এদিকে, ভারতের রাজধানী নয়াদিল্লীতে অনুষ্ঠানরত সার্ক সম্মেলনে শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজাপাকসে একটি দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদ বিরোধী তৎপরতা শুরুর বিষয়ে সংস্থাটির সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
