সেনা প্রত্যাহার না করলে ইরাকে জার্মানির পণবন্দিদের হত্যার হুমকি
আগামী ১০ দিনের মধ্যে আফগানিস্তান থেকে জার্মানির সেনা প্রত্যাহার করা না হলে অপহৃত সেদেশের এক নারী ও তার ছেলেকে হত্যার হুমকি দিয়েছে একটি ইরাকি গেরিলা দল।
ইন্টারনেটে প্রচারিত এক ভিডিও চিত্রে গেরিলাদের দাবি মেনে নেওয়ার জন্য জার্মানদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির ওই পণবন্দি নারী। ওই ভিডিওচিত্র প্রকাশ করে মঙ্গলবার এ সময়সীমা বেঁধে দিয়েছে গেরিলারা।
বাগদাদের বাড়ি থেকে ফেব্রুয়ারির প্রথম দিকে অপহরণ করা হয়েছিল জার্মানির হ্যানেলোর মারিয়ান ক্রাউস ও তার ছেলেকে। এর আগে মার্চ মাসের ১০ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমার কথা বলেছিল ইরাকি গেরিলা দলটি।
ভিডিওচিত্রটিতে দেখা যায়, একটি ঘরের মেঝেতে বসে থেকে ক্রাউস বলছেন, “আমার এ অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য জার্মানদের প্রতি আহ্বান জানাচ্ছি আমি।”
“আমেরিকার সঙ্গে তাদের কথিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে এ শয়তানের জোটে যোগ দেওয়ার আগ পর্যন্ত জার্মানি নিরাপদ ছিল।”
কান্নাজড়িত কন্ঠে ক্রাউস বলেন, “আর হয়তো আপনাদের অনুরোধ জানানোর সুযোগ পাব না আমি। আপনারা হয়তো সাহায্যের জন্য পত্রিকাকে বলতে পারেন, একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করতে পারেন, সাহায্য করতে পারে এমন মানুষদের কাছে যেতে পারেন... দয়া করে আমাকে সাহায্য করুন।”
তবে তার বিবৃতির কেবল আরবী অনুবাদ প্রকাশ করা হয় ওই ভিডিওচিত্রে।
অপহরণকারী গেরিলা দলের পক্ষ থেকে একজন বক্তব্য রাখেন ওই ভিডিওচিত্রে। তিনি বলেন, “জার্মানির সরকারকে আর মাত্র ১০ দিনের সময় দিচ্ছি আমরা। এর মধ্যে আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার না করলে মালিকির সরকারের জন্য কর্মরত এই শয়তান নারী ও তার ছেলেকে হত্যা করবো আমরা।”
কিছুদিন বাগদাদের অস্ট্রিয়া দূতাবাসে কাজ করাও ক্রাউসকে অপহরণ করার অন্যতম কারণ বলে জানিয়েছে গেরিলারা। তারা জানায়, “অস্টিয়া সরকার ইসলাম ও মুসলমানদের প্রতি শত্রুভাবাপণœœ এবং আমাদের সন্তানদের হত্যা করার জন্য তারাও আফগানিস্তানে সেনা পাঠিয়েছে।”
তার বিবৃতিতে জার্মানির পাশাপাশি অস্ট্রিয়ার প্রতিও তাকে মুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন ক্রাউস।
প্রায় ৪০ বছর আগে এক ইরাকি চিকিৎসককে বিয়ে করে স্থায়ীভাবে ইরাকে বসবাস শুরু করেন ক্রাউস। বিশের কোটায় থাকা তার ছেলে ইরাক ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব ভোগ করছেন বলে জানা গেছে।
