২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সলোমনে ভূমিকম্প-সুনামিতে মৃতের সংখ্যা ২০, ত্রাণ পৌঁছাচ্ছে

শক্তিশালী ভূমিকম্প ও সুনামির জোড়া আঘাতে সলোমন দ্বীপে মৃতের সংখ্যা বেড়ে ২০ এ দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্র্রস্ত গিজোতে মঙ্গলবার জরুরী সাহায্য ও ত্রাণ সামগ্রী এসে পৌঁছুতে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় সলোমনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 03 Apr 2007, 01:20 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সলোমনের পশ্চিমাঞ্চলের প্রাদেশিক রাজধানী গিজোর স্কুল, হাসপাতাল ও দোকানপাটসহ বহু বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প ও প্রায় ১০ মিটার উঁচু সুনামিতে সোমবার সেখানকার বহু বাড়িঘর পুরোপুরি সমুদ্রে ভেসে যায়। দুটি প্রদেশের কমপক্ষে ১৩ টি গ্রাম পুরোপুরি সুনামির পানিতে তলিয়ে গিয়েছিল। ফলে কয়েকহাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের টহল নৌকায় করে মঙ্গলবার সকালে ত্রাণ ও জরুরি সাহায্য সামগ্রী নিয়ে যাওয়া হয় বিভিন্ন দ্বীপাঞ্চলে। সলোমন সরকারের বিমানসহ সেখানে অবস্থিত আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনের বিমান নিয়ে একটি অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

সলোমনের রেডক্রস জানিয়েছে, গিজোর প্রায় ২০০০ মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং কমপক্ষে ৫০০ বাড়িঘর বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

গিজো এলাকাটি প্রবালদ্বীপ ও স্কুবা ডাইভিংয়ের জন্য পর্যটকদের কাছে জনপ্রিয় অঞ্চল। সোমবারের সুনামিতে সেখানে নিউজিল্যান্ডের এক পর্যটক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সলোমনের উপ পুলিশ কমিশনার পিটার মার্শাল বলেছেন, “মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২০ জন হলেও তা আরও বাড়তে পারে। বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের বিভিন্ন স্থানে উদ্ধার তৎপরতা শুরু হওয়ায় ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা বোঝা যাবে। চারদিকের বিস্তীর্ণ অঞ্চল ও বহু দুর্গম দ্বীপে অভিযান চালাতে হবে আমাদের।”

এদিকে শক্তিশালী এ ভূমিকম্পের পরবর্তী প্রভাব হিসেবে হালকা দুয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে সেখানকার পশ্চিমাঞ্চল ও চউসিউল দ্বীপ এলাকায়। সোমবারের ভূমিকম্পটির কেন্দ্র ছিল গিজো থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। ভূকম্পনতত্ত্ববিদরা বলছেন কয়েকদিনের মধ্যেই এ অঞ্চলে আরও কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।