শ্রীলংকায় বাসে বোমা হামলায় নিহত ১৬
শ্রীলংকার তামিল টাইগাররা পূর্বাঞ্চলীয় আমপারা জেলায় একটি বাসে বোমা হামলা চালিয়ে ১৬ জনকে হত্যা করেছে বলে সরকার দাবি করেছে। তবে বিদ্রোহীরা ওই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।
ওই ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী’ হামলা হিসেবে আখ্যা দিয়ে সরকার এর তীব্র নিন্দা জানায়।
এ নিয়ে দেশটিতে দুদিনে বিভিন্ন সংঘর্ষে নিহতের সংখ্যা দাঁড়ালো ৩৩ এ।
মেডিকেল সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটির এক কর্মকর্তা জানান, ওই ঘটনায় ১৬ জন নিহত ও ২৫ জন আহত হন। নিহতদের মধ্যে ১১ জন নারী, তিনজন পুরুষ ও দুজন বালক।
এর আগে রোববার অন্তত আট তামিল গেরিলাকে হত্যার দাবি করে সেনাবাহিনী। ওইদিন জাফনায় গেরিলাদের হাতে দুই রাজনৈতিক কর্মী খুন হন বলেও জানিয়েছে তারা। এছাড়া, সুনামি পরবর্তী পূনর্বাসন কর্মীদের হত্যার জন্য সরকার ও তামিল টাইগারা একে অন্যকে দোষারোপ করে।
তবে তামিল টাইগারেরা এই অভিযোগ অস্বীকার করেছে। বিদ্রোহীদের মানবাধিকার বিষয়ক মুখপত্র এন সেলভি উত্তরাঞ্চলে টাইগারদের শক্ত ঘাঁটি কিলিনোচ্চি থেকে টেলিফোনে জানিয়েছে, “এসব বেসামরিক লোকদের হত্যার সঙ্গে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই। শান্তি চুক্তি কার্যকর থাকাকালীন এলটিটিই কখনই বেসামরিক লোকজনকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেনি।”
“বাসটি শ্রীলংকার সেনাবাহিনীর একটি চৌকির কাছে থাকাকালীন বোমাটি বিস্ফোরিত হয়। এলটিটিইর বিরুদ্ধে একাধিক পক্ষ সক্রিয় আছে। যেমন, পূর্বাঞ্চলে সক্রিয় আছে এলটিটিই থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া করুণা গ্রুপ । এমনও হতে পারে, শ্রীলংকার সেনারা নিজেরাই বোমার বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাতে চাচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, পূর্বাঞ্চলীয় আমপারা জেলায় একটি জলাধার ধ্বংস করে এবং এর আশেপাশের জমিকে প্লাবিত করে সেনাবাহিনী তামিল জাতিসত্ত্বার কৃষকদের চাষযোগ্য ভূমি ধ্বংস করছে।
শ্রীলংকায় সাম্প্রতিক মাসগুলোতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, অপহরণ ও মানবাধিকার লংঘনের ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্থাগুলো ধারাবাহিক মানাবাধিকার লঙ্ঘনের জন্য উভয় পক্ষকেই দোষারোপ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে পর্যবেক্ষক দল পাঠানোর অনুরোধ করেছে।
এদিকে সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে নয়াদিল্লী সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মহেন্দ্র রাজপাকসে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে সম্মিলিত সন্ত্রাসবিরোধী কার্যক্রম চালানোর অনুরোধ জানিয়েছেন।
