অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে নেপালের রাজনীতিক ও সংবাদমাধ্যমগুলো
অন্তর্বর্তী মন্ত্রিসভায় মাওবাদীদের অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাদের অভিনন্দন জানিয়েছে নেপালের রাজনীতিক ও সংবাদমাধ্যমগুলো। তবে বিদ্রোহীরা গণতন্ত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ থাকবে কিনা তা নিয়ে সামান্য সংশয়ের সুর ছিল তাদের মধ্যে।
এ ঘটনায় এক দশক ধরে চলা সংঘাতের পর নেপালের গৃহযুদ্ধের অবসান ঘটলো। প্রায় ১৩ হাজার মানুষ নিহত হয়েছে এই সংঘাতে। রোরবার মাওবাদীরা অন্তর্বর্তী মন্ত্রিসভায় যোগ দেয়।
মাওবাদীদের প্রধান প্রচণ্ডর উক্তি উদ্ধৃত করে স্থানীয় পত্রিকা লিখেছে, “আমরা নতুন নেপাল গঠনের লক্ষ্যে নতুন অবস্থানে পৌঁছেছি।”
সরকারে মাওবাদীদের অন্তর্ভুক্তিকে নেপালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা বলে স্বাগত জানিয়েছেন সরকার।
তবে নেপালের কিছু অংশের নাগরিকরা এখনও উদ্বিগ্ন। গ্রামাঞ্চলের অধিকাংশ অংশই এখনও মাওবাদীদের নিয়ন্ত্রণে। সমালোচকদের আশংকা, রাজনীতির মূল ধারায় এসে মাওবাদীরা নিজস্ব বৈপ্লবিক ধারণাকে প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রের ওপর আঘাত হানতে পারে।
সম্প্রতি নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী মাওবাদীরা তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় অন্যান্য মূল ধারার রাজনৈতিক দলগুলোর গমনাগমনে বাধা দেয়।
একটি প্রতিষ্ঠানের কর্মচারি চেৎনাথ পাণ্ডে বলেছেন, “আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে মাওবাদীরা তাদের অস্ত্রের হুংকার বন্ধ করে কিনা, তারা নিরীহ মানুষকে অপহরণ ও তাদের ভয়ভীতি প্রদর্শন বন্ধ করে কিনা।”
এদিকে কয়েকজন রাজনীতিবিদ অভিযোগ করেছেন, মাওবাদীরা জাতিসংঘের কাছে তাদের সব অস্ত্র জমা দেয়নি। জাতিসংঘ অবশ্য বলেছে, মাওবাদীদের শেষপর্যন্তসন্ত্রাস বন্ধের ঘোষণা দিতে হবে।
নির্মান শ্রমিক দিল বাহাদুর ছেত্রীর মতে, “যুদ্ধের সময় অধিকৃত ভূখণ্ড ফিরিয়ে দিতে হবে মাওবাদীদের এবং সেখানকার অধিবাসীদের নিরাপদে ঘরে ফেরার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এদিকে, উদ্বেগে উল্লাস সংযত রেখেই এ ঘটনা প্রচার করছে নেপালের স্থানীয় সংবাদপত্রগুলো।
“জাতি এক লাফে অনেকটা এগিয়ে গেল,” এই ছিল দি কাঠমান্ডু পোস্টের শিরোনাম।
এক সম্পাদকীয়তে তারা লিখেছে, “আমরা সর্বসম্মতিক্রমে মাওবাদীদের জানাতে চাই যে সরকারের অংশভুক্ত একটি রাজনৈতিক দল কোনোভাবেই জনসাধারণকে ভীতি প্রদর্শন করতে পারে না, অস্ত্র বহন করতে পারে না, ভয় দেখিয়ে ব্যবসা আর সাধারণ নাগরিকদের কাছে অর্থ নেওয়া কিংবা কারও ব্যক্তিগত সম্পত্তি দখল করতে পারে না।”
নেপালে রাজতন্ত্রের বিনাশ, নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনসহ মাওবাদীদের মূল দাবিগুলো মেনে নিয়েছে নেপাল সরকার।
তবে বিশ্লেষকদের অভিমত, অন্তর্বর্তী সরকারের অধীনে ২০ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে কতিপয় জাতিসত্ত্বার অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। প্রধানত নেপালের দক্ষিণাঞ্চলের সমতলে বসবাসকারী মাধেসিদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকারবিরোধী বিক্ষোভে এই জাতিসত্ত্বার কয়েকজন নিহত হন।
মাধেসিরা স্বায়ত্বশাসন চায়, তাদের বক্তব্য তারা উচ্চভূমির অভিজাত শাসকদের দ্বারা সরকারি চাকরি আর সংসদের আসনে সবসময়ই বঞ্চিত ও উপেক্ষিত হচ্ছে।
এ প্রসঙ্গে নেপালের সেন্টার ফর স্ট্রাটেজিক স্টাডিজের লোকরাজ বড়াল বলেছেন, “মাধেসিসদের সঙ্গে অবশ্যই আলোচনায় বসতে হবে সরকারকে। যদি তাদের উপেক্ষা করা হয় তবে তারা ভবিষ্যতে আরও বেশি ঝামেলা করবে।”
