দারফুরে ৫ আফ্রিকান ইউনিয়ন সেনাসহ নিহত ৮
পশ্চিম সুদানের দারফুরে শান্তিরক্ষী সেনাদের সঙ্গে গেরিলাদের সংঘর্ষে সোমবার পাঁচ আফ্রিকান ইউনিয়ন (এইউ) সেনাসহ আটজন নিহত হয়েছেন। একটি জলাধারের কাছে সেনা চৌকিতে গেরিলারা হামলা চালালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আফ্রিকান ইউনিয়নের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
আফ্রিকান ইউনিয়ন মুখপাত্র নুরুদ্দিন মেজনি বলেছেন, “সুদানের চাঁদ সীমান্তে একটি জলাধারের পাহারার দায়িত্বে থাকা অবস্থায় তাদেরকে হত্যা করা হয়। গেরিলাদের গুলিতে চার সেনা ঘটনাস্থলেই মারা যান। আহত অপর এক সেনা পরে মারা যান।”
সেনা চৌকিতে চালানো ওই হামলায় তিন গেরিলা নিহত হয়েছেন বলেও জানান তিনি।
দারফুরে কোনো একক ঘটনায় এটাই একসঙ্গে সবচেয়ে বেশি এইউ সেনা নিহতের ঘটনা।
২০০৪ সালে দারফুরে আফ্রিকান ইউনিয়ন সেনা মোতায়েনের পর থেকে এ নিয়ে সংস্থাটির মোট ১৫ সেনা নিহত হলেন।
