বহু প্রতীক্ষীত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র অবশেষে বহু প্রতীক্ষীত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবনের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, উভয় পক্ষের মধ্যে ১৫ বছরের বাণিজ্য চুক্তির ব্যাপারে সমঝোতা হয়েছে। তবে এ চুক্তির বিস্তারিত কিছু জানা যায়নি।
গত নয় মাসের আলোচনা শেষে এই চুক্তি সম্পাদিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি দক্ষিণ কোরিয়ার মধ্যে। নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার সামান্য আগে এই চুক্তি সম্পাদিত হচ্ছে। এর ফলে হোয়াইট হাউস চুক্তিটি বিবেচনার জন্য কংগ্রেসে পাঠাতে পারবে। কংগ্রেস সদস্যরা এটা গ্রহণ বা বর্জন করতে পারবেন, তবে এতে কোনো পরিবর্তন আনতে পারবেন না।
মূলত কর হ্রাস ও গাড়ি রপ্তানির অন্যান্য বাধা দূর করা নিয়ে উভয় পক্ষ মতৈক্যে পৌঁছাতে পারছিল না।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ভবনের ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “হ্যাঁ, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।”
নতুন চুক্তি স্বাক্ষরিত হলে অনুমিত হিসেবে বর্তমানের সাত হাজার কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যে প্রতি বছর আরও দুই হাজার কোটি ডলার যুক্ত হতে পারে ।
দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তা এর আগে জানিয়েছিলেন, মাংস ও কমলাসহ কৃষি পণ্য এবং গাড়ি নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছিল। গাড়ি শিল্পের ক্ষেত্রে উভয় পক্ষই একে অন্যের কাছে কম শুল্ক আরোপ ও অন্যান্য বাধা কমিয়ে আনার দাবি জানাচ্ছিল।
এদিকে দক্ষিণ কোরিয়ার কৃষকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোর বিরোধী হওয়ায় কয়েক মাসের বাণিজ্য আলোচনা অনিশ্চিত হয়ে পড়েছিল। কৃষকদের আশঙ্কা, স্বল্পমূল্যের যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের স্রোতে ভেসে যাবে তাদের উৎপাদিত পণ্য। কৃষিজীবীদের বক্তব্য, বাজার উন্মুক্ত করে দিলে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হবে, আর হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বে।
