মোগাদিসুতে সংঘর্ষ বন্ধ, চারদিনে কয়েক শ নিহতের আশঙ্কা
চারদিনের লাগাতার সংঘর্ষ শেষে সোমালিয়ার রাজধানী মোগাদিসুর পরিস্থিতি শান্ত হয়ে এসেছে সোমবার। ইথিওপিয়ান ও সোমালীয় সেনাদের সঙ্গে যুদ্ধরত বিদ্রোহীদের কোন গোলাগুলির আওয়াজ পাওয়া যায়নি মোগাদিসুতে। চারদিনের এ সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রয়টার্সের এক প্রতিবেদক জানান,“চারদিন পর এবারই প্রথমবারের মত গোলাগুলির কোন শব্দ শোনা যাচ্ছেনা।”
এদিকে এ যুদ্ধে নিহতের সংখ্যা কত তা সঠিকভাবে বলা না গেলেও আন্তর্জাতিক সংস্থা রেডক্রস জানিয়েছে যে মোগাদিসুর ১৫ বছরের ইতিহাসে সবচেয়ে মারাত্মক সংঘর্ষ এটি।
ইথিওপিয়া জানিয়েছে এ যুদ্ধে প্রায় ২০০ জন মারা গেছে তবে স্থানীয় বসিন্দারা দাবি করছেন চারদিনের এ সংঘর্ষে কয়েক শ ব্যক্তি মারা গেছেন এবং এদের বেশিরভাগই হলেন নিরীহ বেসামরিক নাগরিক। সোমলিয়ার বিভিন্ন রাস্তায় বহু লাশ পড়ে আছে এবং নিহতের প্রকৃত সংখ্যা গণনা করা দুস্কর হবে বলে ধারণা করা হচ্ছে।
শহরটির প্রভাবশালী হাওয়ি গোত্রের নেতারা জানান যে, তারা একটি অস্ত্রবিরতি চুক্তির বিষয়ে সম্মত হয়েছেন। কিন্তু আগের যেসব যুদ্ধবিরতি চুক্তি ছিল তা ভঙ্গ করে রাজধানীতে অনেক ইথিওপিয়ান সেনা প্রবেশ করেছে গত সপ্তাহের শেষে।
আন্তর্জাতিক সম্প্রদায় এ যুদ্ধের ব্যাপারে হতাশা প্রকাশ করলেও যুদ্ধ বন্ধের বিষয়ে কোন কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে।
আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী সেনা হিসেবে উগান্ডার ১,২০০ সেনা সোমালিয়ায় থাকলেও তাদেরকে মূলত বিমানঘাঁটি এবং সমুদ্রবন্দরের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন রাখা হয়েছে।
