ইরানের ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভ, বোমা
ইরানের জলসীমায় ১৫ ব্রিটিশ নৌ-সেনার অবৈধ অনুপ্রবেশ ও আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রোববার তেহরানের ব্রিটিশ দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে প্রায় ১শ’ ইরানি। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিক্ষোভকারীরা ইরানের জলসীমায় নৌ-সেনাদের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় ব্রিটেনের কাছ থেকে ক্ষমা দাবি করেছে। পাশাপাশি তারা ‘ব্রিটেন নিপাত যাক’, ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেয়। ব্রিটেনের দাবি, তাদের নৌ-সেনাদের ইরাকের জলসীমা থেকে আটক করা হয়েছে। কিন্তু ইরানের অভিযোগ, সেনারা তাদের জলসীমাতেই অবৈধ অনুপ্রবেশ করেছে।
রোববার তেহরানের ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভে শামিল এক ছাত্র মোহাম্মদ মেহদি পৌরমোঘাদ্দাম দাবি জানিয়ে বলেন, ‘‘এ ঘটনায় ব্রিটেনের ক্ষমা চাওয়া উচিত। কারণ, আমাদের দেশে প্রবেশের কোনো অধিকার তাদের নেই। তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলবে’’। বিক্ষোভকারীরা এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতের অপসারণও দাবী করে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে তিনি অন্ততপক্ষে আটটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। সঙ্গে সঙ্গে চারদিক ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। তবে বিস্ফারণগুলো মারাত্মক ধরনের ছিলো না। সম্ভবত ঘরে বানানো বোমারই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং দূতাবাসের তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে ব্রিটেন। বিক্ষোভকারীরা দূতাবাসের পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থানকালে বোমা বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।
ইরানের রাজনীতিতে ব্রিটেনের হস্তক্ষেপ নিয়ে ইরানিরা সন্দিহান। ইরানের রাজনীতিতে ব্রিটিশ রাজরাজড়াদের দীর্ঘদিন জড়িত থাকার ইতিহাস থেকেই (বিশেষ করে ১৯৫০ সালে ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে উৎখাতে ব্রিটেনের ভুমিকা) এ সন্দেহ দানা বেঁেধছে।
ব্রিটিশ দূতাবাসে বিক্ষোভের পাশাপাশি ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বাইরে রোববার আরেকটি ছোটখাটো বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এ সময় বিক্ষোভকারীরা গুপ্তচর হিসাবে আটক ব্রিটিশ নৌ-সেনাদের মৃত্যুদণ্ড দাবি করে।
