২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ও আফগানিস্তানে বন্যায় ৭১ জনের মৃত্যু

প্রবল বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে কমপক্ষে ৭১ জনের মৃত্যু হয়েছে। দুটি দেশের কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন। প্রাণহানি ছাড়াও বন্যার পানিতে বহু ঘরবাড়ি তলিয়ে গেছে এবং ব্যাপক ফসলহানি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 08:02 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

আফগান কর্মকর্তারা জানান, অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সে দেশে অন্তত ৪৮ জন মারা যায়। এদের অনেকের মৃত্যু হয় ভূমিধসে।

মধ্য আফগানিস্তানের দাইককুন্দি এলাকায় মৃত্যু হয় ৩০ জনের। এছাড়া হেরাত প্রদেশে সাত এবং অন্যান্য স্থানে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

বন্যায় কাবুলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক হাজার একর জমির ফসল তলিয়ে যায় বন্যার পানিতে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্যায় কাবুলের উত্তর দিকে মহাসড়কে একটি সেতু ভেঙ্গে পড়ার কারণে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হওয়ার উপক্রম।

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে বন্যায় ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সে দেশের কর্মকর্তারা। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দুকুশ পর্বতের পাদদেশের চিত্রাল এলাকা। ওই এলাকার তুর্ক গ্রামে প্রায় ২০টি ঘর পানিতে ভেসে যায়।

উপদ্রুত এলাকা থেকে পুলিশ কর্মকর্তা ইজাজ আহমেদ টেলিফোনে রয়টার্সকে জানান, বন্যার কারণে অনেক এলাকার লোকজন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাদের জন্য খাবার ও ওষুধ জরুরি ভিত্তিতে প্রয়োজন।