২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য চুক্তির লক্ষ্যে শেষ সময়ের তোড়জোড় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার

বাণিজ্য চুক্তি সম্পাদনে সমঝোতায় পৌঁছনোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। আলোচনা চললেও এর ফলাফল সম্পর্কে জানাচ্ছেন না তারা। রোববার রাতেই শেষ হবে চুক্তি সম্পাদনের সময়সীমা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Apr 2007, 04:56 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গত সপ্তাহ ধরে সউলে আলোচনা চালাচ্ছেন দুই দেশের কর্মকর্তারা। এর বিরুদ্ধে বিক্ষোভও হচ্ছে দক্ষিণ কোরিয়ার শহরগুলোতে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মুখপাত্র স্টিফেন নর্টন বলেন, “সময়সীমা শেষ হওয়ার পথে। আজকের (রোববার) মধ্যেই আমাদের সবকিছু চূড়ান্ত করতে হবে।”

মতৈক্যে পৌছাতে উভয় পক্ষই আন্তরিক বলে জানান তিনি।

স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, কৃষি এবং গাড়ি ও পোশাক শিল্প নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে। মাংস আর গাড়ির বাজার উন্মুক্ত করে দেওয়ার দাবি জানাচ্ছে যুক্তরাষ্ট্র।

এক সময় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের গরুর মাংসের বড় ক্রেতা ছিল, তবে স্বাস্থ্যঝুঁকির কারণে তারা যুক্তরাষ্ট্রের মাংস আমদানি বন্ধ করে দেয়।

নতুন চুক্তি স্বাক্ষরিত হলে অনুমিত হিসাবে বর্তমানের ৭ হাজার কোটি ডলারের দ্বি পাক্ষিক বাণিজ্যে আরও ২ হাজার কোটি ডলার যুক্ত হতে পারে ।

সময়সীমা অতিক্রান্ত হওয়ার অর্থ হল, এ আলোচনা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যাওয়া। বৃহস্পতিবার যখন উভয় দেশের রাষ্ট্রপ্রধান তাদের স্ব স্ব দেশের আলোচকদের যথাসম্ভব ছাড় দেওয়ার কথা বলেছিলেন আলোচক দলের সমঝোতায় পৌছানো মনে হচ্ছিলো ক্ষণিকের বিষয় ।

দক্ষিণ কোরিয়ার কৃষকরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোর বিরোধী। তাদের আশঙ্কা, স্বল্পমূল্যের যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের স্রোতে ভেসে যাবে তাদের উৎপাদিত পণ্য। কৃষিজীবিদের বক্তব্য, বাজার উন্মুক্ত করে দিলে তাদের কোটি কোটি ডলার ক্ষতি হবে, আর হাজার হাজার লোক কর্মহীন হয়ে পড়বে।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বীমাসহ অন্যান্য আকর্ষণীয় বিনিয়োগ ব্যবস্থায় আরও অধিক অংশগ্রহণের অধিকার চায়।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ‘এন্টি ডাম্পিং’ আইন বদলানোর জন্য চাপ দিচ্ছে, তাদের বক্তব্য অনায্যভাবে তাদের পণ্যের উপরে এটা প্রয়োগ করা হচ্ছে।