ইরানকে ব্রিটিশ নৌ-সেনাদের ছেড়ে দিতে হবে: বুশ
১৫ জন ব্রিটিশ নৌ সেনাকে আটকে রেখে ইরান অমার্জনীয় আচরণ করছে। তাদেরকে অবিলম্বে ছেড়ে দেয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শনিবার তেহরানকে নৌ-সেনাদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়ে একথা বলেন।
ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে তেহরান গত ২৩ মার্চ ওই ১৫ সেনাকে আটক করে। মস্কোয় ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ‘জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অপরাধ প্রমাণিত হলে ১৫ জনেরই শাস্তি হতে পারে। দোষ প্রমাণ না হলে তাদের ছেড়ে দেয়া হবে’। কিন্তু বুশ দাবির সুরেই ইরানকে বলেছেন, ‘আটককৃতদের মুক্তি দিতে হবে। কারণ, তারা নিদোর্ষ। ইরান কর্তৃপক্ষ ইরাকের জলসীমা থেকে তাদের আটক করেছে। আর এখন পর্যন্ত তাদের আটকে রেখে অমার্জনীয় আচরণ করছে’। ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্রে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ কথাগুলো বলেন।
পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলবস্থার মধ্যে ইরান ব্রিটিশ নৌ-সেনা আটককে কেন্দ্র করে ব্রিটেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে। ইরানের অভিযোগ, সেনা আটকের ঘটনাটিকে ব্রিটেন ভুল পথে পরিচালিত করছে। ওদিকে, ব্রিটেন বলছে, চোরাকারবারিদের সন্ধানে জাতিসংঘ মিশনে থাকাকালে ইরাকের জলসীমা থেকে নৌ-সেনারা আটক হয়েছে। ফলে ইরানের তাদেরকে আটকে রাখাটা অযৌক্তিক। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঘটনাটির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছেন। তার এ প্রচষ্টা সমর্থন করেছেন ব্রিটেনের ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।
ব্রিটেনের ‘দ্য সানডে টেলেগ্রাফ’ পত্রিকা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, লন্ডন ইরানের অনুমতি ছাড়া তাদের জলসীমায় নৌ-জাহাজ প্রবেশ করতে না দেয়ার নিশ্চয়তা দিতে প্রস্তুত। কিন্তু ব্রিটিশ নৌ-জাহাজের ইরানি জলসীমা লঙ্ঘনের অভিযোগ লন্ডন মেনে নেবে না এবং এজন্য ক্ষমাও চাইবে না।
