২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধ পরিচালনায় পেন্টাগনের নিজস্ব তহবিলই যথেষ্ট: কংগ্রেস

ইরাকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য মার্কিন সেনাবাহিনীর হাতেই যথেষ্ট পরিমাণ অর্থ মজুদ আছে। তাই যুদ্ধব্যয় বহনে জরুরি তহবিল নিয়ে হইচই করার কিছু নেই বুশ প্রশাসনের। সেনাবাহিনীর তহবিল নিয়ে মার্কিন কংগ্রেসের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 06:45 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়, “২০০৭ সালের জুলাই মাস পর্যন্ত ইরাক ও আফগানিস্তানে ‘অভিযান ও রক্ষণাবেক্ষণ’ (অপারেশন এন্ড মেইনটেন্যান্স) পরিচালনার জন্য যথেষ্ট অর্থ যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর হাতে মজুদ রয়েছে।” সেনাবাহিনী ও অন্যান্য সূত্র থেকে তথ্য নিয়ে গবেষণাটি করা হয়েছে বলেও জানিয়েছে কংগ্রেস।

জরুরি যুদ্ধ তহবিল চেয়ে কংগ্রেসকে বুশ প্রশাসনের চাপ প্রয়োগের পরিপ্রেক্ষিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বুশ প্রশাসন বলে আসছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১০ হাজার কোটি ডলার জরুরি তহবিল অনুমোদন করা না হলে ইরাক ও আফগানিস্তানে অবস্থানরত সেনাদের চূড়ান্ত হুমকির মুখে ফেলবে কংগ্রেস।

এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র টনি ফ্রাত্তো বলেছেন, “কংগ্রেসের বসন্তকালীন ছুটির ঠিক আগ মুহূর্তে একটি ‘সিআরএস মেমো’ (তহবিল সংক্রান্ত গবেষণা পতিবেদন) নিয়ে অন্যদিকে দৃষ্টি ফেরানোর চেষ্টা করছে ডেমোক্রেটরা। প্রেসিডেন্ট বুশের স্বাক্ষরের জন্য এখন পর্যন্ত একটি ভাল ‘প্রস্তাব’ অনুমোদন করতে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছেন তারা।”

গত ফেব্র“য়ারিতে এ জরুরি তহবিল বরাদ্দের জন্য কংগ্রেসকে বলেন প্রেসিডেন্ট বুশ। কিন্তু তহবিল অনুমোদনের সঙ্গে সেনা ফিরিয়ে আনার সময়সীমা বেঁধে দেওয়াসহ নানা শর্ত জুড়ে দেয় ডেমোক্রেটরা।

কিন্তু কোনো শর্ত ছাড়াই এ অর্থ বরাদ্দের জন্য ডেমোক্রেটদের চাপ দিতে ইতোমধ্যেই নিজের প্রেসিডেন্সিয়াল ভেটো প্রয়োগের হুমকি দিয়েছেন বুশ।