২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারে তেল বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে ইরান

ডলারে তেল বিক্রি বন্ধ করার পরিকল্পনা করেছে ইরান। ক্রমবর্ধমান মার্কিন চাপ সামলাতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ইব্রাহিম শেইবানি জানিয়েছেন। শুক্রবার তাকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 04:33 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গভর্নর শেইবানি জানান, তার দেশ ডলারে তেল বিক্রি সম্পূর্ণ বন্ধের পরিকল্পনা হাতে নিয়েছে। তবে কবে থেকে এ পরিকল্পনা কার্যকর হবে তিনি তা জানাননি।

ইরান হলো বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। এর আগে দেশটির কর্মকর্তারা বলেছিলেন, ইরান ডলার ছাড়া অন্য মুদ্রায় তেল বিক্রি করে আরও অর্থ আয় করতে চায়।

ইরানের তেলসম্পদ বিষয়ক এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এ মাসে তেল রপ্তানি থেকে আয়ের ৬০ শতাংশ এসেছে ডলার ছাড়া অন্য মুদ্রায়।   

কেন্দ্রীয় ব্যাংক ও অন্য কর্মকর্তারা বলছেন, অন্য মুদ্রায় লেনদেন হলেও ইরানের তেল এখনও ডলারের আন্তর্জাতিক দাম অনুযায়ী বিক্রি হচ্ছে।

ইরানের এ সিদ্ধান্তের ফলে দেশটির বৈদেশিক মুদ্রায় ডলারের অংশ অনেকটা কমে এসেছে এবং এর পরিমাণ প্রায় ২০ শতাংশে নেমে এসেছে বলে শেইবানি জানান।

তবে পশ্চিমা কূটনীতিবিদরা জানিয়েছেন, সাধারণ ইরানিরা ব্যবহার করে বলে দেশটিকে জ্বালানি গ্যাস সরবরাহ বন্ধ করা হবে না। ইরান তার প্রয়োজনীয় জ্বালানি গ্যাসের ৪০ শতাংশের জন্য আমদানির ওপর নির্ভরশীল।

ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধে বাধ্য করতে জাতিসংঘ দেশটির ওপর অর্থনৈতিক অবরোধসহ দুই দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের রাষ্ট্রীয় ব্যাংক সেপাহর লেনদেনের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সম্প্রতি ১৫ বৃটিশ নৌসেনাকে আটক করা নিয়ে ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।