গুয়ানতানামোয় নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ
যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো কারাগারে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। আল কায়েদা সন্দেহে আটক সৌদি আরবের নাগরিক আবদ আল রহিম আল নাসিরি এ অভিযোগ করেছেন।
১৪ মার্চ গুয়ানতানামোয় সামরিক আদালতে শুনানিতে আল নাসিরি নির্যাতন চালিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ করেন। শুক্রবার ওই শুনানির নির্বাচিত অংশ প্রকাশ করে মার্কিন সেনা কর্তৃপক্ষ।
আল নাসিরি বলেন, “পাঁচ বছর আগে আমাকে আটক করা হয়। এরপর থেকেই তারা আমার ওপর নির্যাতন চালাচ্ছে। নির্যাতন থেকে বাঁচতে আমি তাদের কথায় সায় দিয়েছি। এতে তারা খুব খুশি হয়েছে।”
আল নাসিরির বিরুদ্ধে ২০০০ সালে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ‘ইউএসএস কোল’ এ হামলা পরিকল্পনার অভিযোগ আনা হয়। ওই হামলায় ১৭ জন মার্কিন নাবিক নিহত হন। এছাড়াও ১৯৯৮ সালে কেনিয়ার মার্কিন দূতাবাসে হামলায় জড়িত থাকারও অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
শুনানিতে এসব অভিযোগ অস্বীকার করে আল নাসিরি বলেন, “আমি একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং আমার সঙ্গে বহু মানুষের সম্পর্ক রয়েছে।”
সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত অনেক মানুষের সঙ্গেও তার ওঠাবসা থাকলেও তিনি নিজে কখনও কোনো সন্ত্রাসী কাজে অংশ নেননি বলে দাবি করেন আল নাসিরি।
তবে ওসামা বিন লাদেনের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেন তিনি। বলেন, “বিভিন্ন সময় আমার মাছ ব্যবসায় তিনি অর্থ দিয়েছেন। এর পরিমাণ পাঁচ লাখ ডলারেরও বেশি হতে পারে।”
এদিকে পেন্টাগনের মুখপাত্র ব্রায়ান হুইটম্যান জানিয়েছেন, আল নাসিরির অভিযোগ তদন্ত করে দেখা হবে।
