২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ব্রিটিশদের বিচার প্রক্রিয়া শুরু করতে পারে ইরান

আটক ব্রিটিশ নৌসেনাদের বিচার প্রক্রিয়া শুরু করতে পারে ইরান। রাশিয়ায় ইরানের রাষ্ট্রদূত গোলাম মির্জা আনসারির উদ্ধৃতি দিয়ে শনিবার একথা জানিয়েছে ইরানের বার্তাসংস্থা ইরনা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 03:47 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

মির্জা আনসারি শুক্রবার সন্ধ্যায় রুশ টেলিভিশন চ্যানেল ভেস্তি -  ২৪ কে একথা বলেন বলে ইরনা জানিয়েছে। রাষ্ট্রদূত বলেন, “ইরানের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের জন্য সম্ভবত তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সাজা হবে।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মনুশেহর মোত্তাকি ব্রিটিশ নৌসেনাদের বিচারের ইঙ্গিত দিলেও এই প্রথম কোনো ইরানি কর্মকর্তা সরাসরি একথা জানালেন। তবে বিচারের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি মির্জা আনসারি। 

তবে এ বিষয়ে তেহরানের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাজ্যে ইরানের দূতাবাস জানিয়েছে, উদ্ভূত সঙ্কটের একটি গ্রহণযোগ্য সমাধানে দুই সরকারই চেষ্টা চালিয়ে যাচ্ছে।    

এদিকে শুক্রবার ব্রিটিশ নৌসেনাদের ভিডিও ফুটেজ প্রচার করে ইরান টেলিভিশন। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেন, “এর মধ্য দিয়ে ইরানের ওপর ব্রিটিশদের অসন্তোষ আরও বেড়েছে।”

তবে এ পরিস্থিতিতেও জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।