কাশ্মীরে সেনা কমানোর সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করছে ভারত সরকার
কাশ্মীরে সেনা কমানোর সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করছে ভারত সরকার। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী মনমোহন সিং ওই দিনই বৈঠক করেন কাশ্মীরি নেতা মুফতি মুহাম্মদ সাইদের সঙ্গে। এর পরপরই বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, “গঠিতব্য কমিটিতে সামরিক কর্তাব্যক্তিসহ বিভিন্ন স্তরের বিশেষজ্ঞরা থাকবেন। প্রতিরক্ষা সচিব হবেন ওই কমিটির প্রধান। কাশ্মীরে সেনা কমানোর প্রয়োজনীয়তা রয়েছে কি না এবং কমালে কী পরিমাণ কমানো যেতে পারে তা পর্যালোচনা করবেন ওই কমিটির সদস্যরা।”
কমিটিতে কাশ্মীর সরকারের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কবে নাগাদ ওই কমিটি তাদের পর্যালোচনার কাজ শেষ করবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
২০০৬ সালে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর পর কাশ্মীরে সহিংসতার মাত্রা কমে আসে। যার কারণে সেখানে সেনা উপস্থিতি কমানোর দাবি বেশ জোরেশোরে উঠে। এক পর্যায়ে কিছু সেনা কমিয়েও আনা হয়।
কাশ্মীরের ক্ষমতাসীন জোটের অংশীদার পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা মুফতি মুহাম্মদ সাইদও মনে করেন সেখানে সেনা সংখ্যা আরও কমানো যেতে পারে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তিনি ধর্না দিয়ে আসছেন।
শুক্রবারের বৈঠকের পর তিনি সরকারের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন।
কাশ্মীরে এখন প্রায় পাঁচ লাখ ভারতীয় সেনা মোতায়েন রয়েছে। ভারতীয় কর্মকর্তারা বলছেন, ১৯৮৯ সাল থেকে সহিংসতায় সেখানে প্রায় ৪২ হাজার লোক নিহত হয়েছে। যদিও মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এ সংখ্যা ৬০ হাজারের কম হবে না।
এদিকে ভারতীয় সেনাবাহিনী তাড়াতাড়ি সেনা প্রত্যাহারের বিরোধিতা করছে। তাদের আশঙ্কা, এর ফলে অঞ্চলটির নিয়ন্ত্রণ পাকিস্তানের মদদপুষ্ট বিদ্রোহীদের হাতে চলে যেতে পারে।
