তথ্য পাচারের আশঙ্কায় আইএইএ-কে সহায়তা সীমিত করেছে ইরান
পরমাণু কর্মসূচির অগ্রগতি সম্পর্কে আইএইএ-কে দেওয়া তথ্য যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের কাছে পাচার হয়ে যেতে পারে- এ আশঙ্কায় সংস্থাটিকে সহযোগিতা করা কমিয়ে দিয়েছে ইরান।
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান এল বারাদিকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন ইরানি দূত। ইরানের ধারণা, পাচার হওয়া তথ্য যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে আক্রমণের কাজে লাগাতে পারে।
আইএইএ- এ ইরানের দূত আলি আসগর সুলতানিয়া বলেন, “অন্যায়ভাবে পশ্চিমা দেশগুলোর কাছে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কিত গোপনীয় তথ্য ফাঁস করে দিচ্ছেন আইএইএ- এর পরিদর্শকরা।”
তিনি বলেন, “ইসরায়েল ও যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই ইরানে সামরিক হামলার হুমকি দিয়ে আসছে। যতদিন পর্যন্তসামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি থাকছে ততদিন পর্যন্ত সম্ভাব্য সব উপায়ে নিজেকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যাবে ইরান। আর সামরিক হামলার প্রকাশ্য হুমকি দাতারা যাতে আমাদের গোপনীয় তথ্য থেকে কোনো অনৈতিক সুবিধা না নিতে পারে সেজন্যই তথ্য না দেওয়ার এ পন্থা নিয়েছি আমরা।”
এদিকে ইরানের চিঠির জবাবে জাতিসংঘ সংস্থাটি বলেছে, পরমাণু কর্মসূচি সম্পর্কে ভবিষ্যতে বিস্তারিত কোনো কিছু না জানানোর বিষয়ে দেশটির সিদ্ধান্ত আইএইএ’র সঙ্গে ইরানের চুক্তির সুস্পষ্ট লংঘন।
এ সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্যও ইরানের প্রতি আহ্বান জানিয়েছে আইএইএ।
