২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক হাসপাতালে অব্যবস্থাপনার জন্য ক্ষমা চাইলেন বুশ

যুদ্ধাহত সৈনিকরা ঠিকমতো চিকিৎসাসেবা না পাওয়ায় ক্ষমা প্রার্থনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। শুক্রবার তিনি ওয়াল্টার রিড আর্মি মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 01:31 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গত ফেব্র“য়ারিতে সামরিক হাসপাতালটিতে অব্যবস্থাপনার খবর প্রকাশ হলে দেশব্যাপী নিন্দার ঝড় বয়ে যায়। ওই ঘটনার পর এ প্রথম চিকিৎসা কেন্দ্রটি পরিদর্শনে যান জর্জ বুশ। তিনি স্বীকার করেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণেই সেখানে সৈনিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন।

প্রেসিডেন্ট বুশ এ জন্য ক্ষমা চেয়ে বলেন, “বিষয়টি আমাকে পীড়া দিয়েছে। সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”

পরিদর্শনকালে যুদ্ধাহত সৈনিক ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে প্রেসিডেন্টের এ সফরকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন ডেমোক্রেট নেতারা। আগামী নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনয়ন প্রত্যাশী বারাক ওবামা বলেন, “সামরিক হাসপাতালে যে অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে, একটি সফর দিয়ে তার সমাধান হবে না। হাসপাতালগুলোর ব্যবস্থাপনা খোলনলচে পাল্টে দেওয়া দরকার।”

এর পাশাপাশি ইরাকে যুদ্ধের ময়দান থেকে সেনাদের ফিরিয়ে আনার দাবিও করেন ডেমোক্রেট নেতারা।

ফেব্র“য়ারিতে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তান ও ইরাক ফেরত আহত সেনারা ইদুঁর, তেলাপোকায় ভর্তি সেনাবাহিনীর ওয়াল্টার রিড আর্মি মেডিকেল সেন্টারে মানবেতর জীবন কাটাচ্ছেন। অনেক সেনা সদস্য চিকিৎসাও পাচ্ছেন না।

ওই ঘটনা প্রকাশের পর সেনাবাহিনীর উচ্চপদস্থ তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।