২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ার ২০০ জঙ্গি হত্যার দাবি ইথিওপীয় বাহিনীর

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে মুসলিম জঙ্গিদের দমনে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইথিওপিয়া ও সোমালিয়ার সেনাবাহিনী। গত বৃহস্পতিবার এ অভিযান শুরু হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 01:08 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ইথিওপিয়া দাবি করেছে, দুই দিনে তারা অন্তত দুই শ’ জঙ্গিকে হত্যা করেছে। তবে এ অভিযানে ব্যাপক বেসামরিক লোক হতাহত হয়েছে বলে জানিয়েছে রেডক্রস।

শুক্রবার ইথিওপীয় বাহিনী এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী মোগাদিসু ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে দুই শ সশস্ত্র জঙ্গিকে হত্যা করে। এছাড়া আহত হয় বহু জঙ্গি।

রেডক্রস জানায়, গত ১৬ বছরে এ ধরনের সংঘাত আর দেখা যায়নি। এতে বহু বেসামরিক লোকেরও মৃত্যু হয়েছে। 

ইথিওপিয়ায় সোমালিয়ার রাষ্ট্রদূত শুক্রবার সাংবাদিকদের বলেছেন, সেনাবাহিনী শুধু জঙ্গিদের ঘাঁটিগুলো লক্ষ করেই হামলা চালাচ্ছে। এছাড়া বিভিন্ন সশস্ত্র যুদ্ধবাজ গোত্রকে নিরস্ত্র করতেও অভিযান চলছে।

এদিকে জঙ্গিরা শুক্রবার একটি ইথিওপীয় হেলিকপ্টার ভূপাতিত করে। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। হেলিকপ্টারের দুই বিমান সেনার লাশ উদ্ধার করেছে উগান্ডার শান্তি রক্ষী দল।

সেনা অভিযানের কারণে মোগাদিসুসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। স্থানীয় লোকজন আশঙ্কার মধ্যে দিনাতিপাত করছেন। হাসপাতালগুলো আহত লোকে ভরে গেছে। গত তিন দিনে কয়েক হাজার লোক রাজধানী ছেড়েছে।

ইয়াবারো নামে স্থানীয় এক নারী বলেন, “যা ঘটছে, তা সত্যিই অমানবিক। আমার চৌদ্দ পুরুষও  এ ধরনের ঘটনা দেখেনি।”

আদন নামে অপর এক ব্যক্তি অসহায় কণ্ঠে বলেন, “আমাদের সাহায্যে বিশ্ববাসী এগিয়ে আসবে বলে এখন আর আমার মনে হয় না।”