২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের যোগদান চূড়ান্ত

নেপালের অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের যোগদান চূড়ান্ত হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সঙ্গে মাওবাদী নেতা প্রচণ্ডের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়। সমঝোতা অনুযায়ী গিরিজা প্রসাদ কৈরালা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শনিবার পদত্যাগ করবেন। এর পরপরই মাওবাদীদের নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করে তা অনুমোদনের জন্য পার্লামেন্টে তুলবেন তিনি। পার্লামেন্টে অনুমোদনের পর শনিবারই নতুন মন্ত্রীদের শপথ নেওয়ার কথা রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 12:12 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

শুক্রবারের বৈঠকে কৈরালা ও প্রচণ্ড ছাড়াও অংশ নেন সাতদলীয় জোটের নেতারা। বৈঠক শেষে নেপালি কংগ্রেস পার্টির নেতা রাম চন্দ্র পোড়েল বলেন, “সমঝোতা অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সাময়িকভাবে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী কৈরালা। এরপরপরই মাওবাদীদের অন্তর্ভুক্ত করে অন্তর্বর্তী সরকারের নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি।”

শনিবারই নতুন মন্ত্রিসভা শপথ নেবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, “সরকারের ন্যূনতম অভিন্ন কর্মসূচিও চূড়ান্ত হয়েছে।”

তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাওবকাদীদের ঐতিহাসিক চুক্তি অনুযায়ী গত জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন পার্লামেন্টে যোগ দেন মাওবাদীরা। আর এর মধ্য দিয়েই সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় প্রত্যাবর্তন হয় তাদের।

সরকারে যোগদানের বিষয়ে মাওবাদীর প্রতিক্রিয়া বেশ সতর্ক। তাদের অন্তর্ভুক্ত করে নতুন সরকার গঠনের জন্য মাওবাদীরা বেশ তাগিদ দিয়ে আসছিল। তবে মন্ত্রিসভার পদ বণ্টণ নিয়ে উভয় পক্ষের সমঝোতা হচ্ছিল না।

তবে গত সপ্তাহে শীর্ষস্থানীয় এক মাওবাদী নেতা জানিয়েছিলেন, “মাওবাদীদের হাতে স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় ছাড়তে প্রধানমন্ত্রী কৈরালা অনীহা প্রকাশ করছেন।”

আগামী জুনে সংবিধান সভার নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার। যা দেশে নতুন সংবিধান প্রণয়ন করবে। বলা হচ্ছে, এভাবেই অবসান ঘটবে রাজতন্ত্রের। মাওবাদীরা অবশ্য রাজতন্ত্র পুরোপুরি বিলোপের পক্ষে। বর্তমানে জ্ঞানেন্দ্র নামে রাজা হলেও ক্ষমতাহীন অবস্থায় রয়েছেন।