২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার হিকসকে ৭ বছর কারাদণ্ড দিয়েছে গুয়ান্তানামোর বিশেষ আদালত

আল কায়দা সংশ্লিষ্টতার অভিযোগে গুয়ান্তানামোর অস্ট্রেলীয় বন্দি ডেভিড হিকসকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার গুয়ান্তানোমোয় যুক্তরাষ্ট্রের বিশেষ আদালত তাকে এ দণ্ড দেয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 11:44 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

গুয়ান্তানামোর বন্দিদের মধ্যে হিকসই প্রথম সাজা পেলেন।  তবে তাকে মাত্র নয় মাস কারাভোগ করতে হবে।

ডেভিড হিকসের বিরুদ্ধে আল কায়েদাকে সহায়তা ও আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করার অভিযোগ আনা হয়। আদালতে তিনি এ সব অভিযোগ স্বীকার করেন।

হিকস ইতোমধ্যেই গুয়ান্তানামো কারাগারে পাঁচ বছর আটক থাকায় তাকে আর নয় মাস সাজা খাটতে হবে। আর সাজার বাকি মেয়াদ তিনি কাটাবেন নিজ দেশ অস্ট্রেলিয়ায়। আগামী ২৯ মে এর মধ্যে দেশে তাকে দেশে ফেরত পাঠানো হবে।

হিকস জানিয়েছিলেন, আল কায়দায় প্রশিক্ষণ নিয়ে ২০০১ সালে তিনি আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। এরপরই তিনি তার বন্দুক বিক্রি করে দেন ট্যাক্সি ভাড়া যোগাড় করার জন্য এবং ট্যাক্সিতে করে পাকিস্তানে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ১১ই সেপ্টেম্বরের হামলার ব্যাপারে জানতেন না বলে দাবি করেন তিনি।

আদালতের আইনজীবী লেফটেন্যান্ট কর্নেল কেভিন চেনাইল বলেন, “হিকস স্বেচ্ছায় একটি খুনীর দলে যোগ দেন। যারা নিরীহ জনগণকে হত্যার সঙ্গে জড়িত।”

২০০১ সালের ডিসেম্বরে আফগানিস্তান থেকে হিকসকে গ্রেপ্তার করা হয়। এক মাস পর আটক অন্যদের সঙ্গে তাকে পাঠানো হয় গুয়ান্তানামো কারাগারে।