২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত কিরঘিজ প্রধানমন্ত্রী

কিরঘিজস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলমাজ আতামবায়েভ দেশের দারিদ্র নিরসন ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 06:31 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ বৃহস্পতিবার আতামবায়েভকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন এবং তার সমালোচকদের একটি ঐক্যমতের সরকারে যোগদানের আহ্বান জানান। পার্লামেন্টে তার প্রার্থীতার অনুমোদন নিয়ে ভোটের আগে আতামবায়েভ শুক্রবার এ আহ্বান জানান।

বাকিয়েভের এক সময়ের কট্টর সমালোচক আতামবায়েভ পার্লামেন্টে বলেন, দেশকে আরও খারাপ অবস্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করতে তিনি  প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করতে চান।

তিনি বলেন, “আমরা একটি জটিল রাজনৈতিক সঙ্কটে মধ্যে আছি। সংঘাত রোধের ব্যাপারে আমি কাজ করবো। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জাতীয় উন্নয়নে গতি আনতে একটি পরিকল্পনা করতে চাই আমি।”

তবে কিরঘিজস্তানে এখনও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দলীয় কট্টরপন্থীরা বাকিয়েভের ঐকমত্যের সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পদত্যাগ এবং অন্তর্বর্তী নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার দাবি করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী ফেলিক্স কুলোভের নেতৃত্বে কট্টরপন্থীরা আইন ও বিচার ব্যবস্থা রক্ষায় ব্যর্থতা ও দুর্নীতির দায়ে বাকিয়েভকে অভিযুক্ত করেছেন।

কুলোভের সমর্থকরা জানান, তারা অন্তর্বর্তী নির্বাচন আদায়ের জন্য সংবিধানসম্মত উপায়ে কাজ করবেন। সে লক্ষ্যে তারা আগামী মাসে দেশজুড়ে সমাবেশ আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছেন।

আতামবায়েভকে সমর্থন করে বাকিয়েভ বলেন, এখন পারস্পরিক কলহ বন্ধ করার সময়। তিনি বলেন, “আমি আপনাদের কাছে আলমাজ আতামবায়েভের নিয়োগের প্রতি ‘হ্যাঁ’ বলার জন্য এবং একটি নতুন সরকার গঠনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

তবে ভোটের ফলাফল যেকোনো দিকে যেতে পারে। কারণ, পার্লমেন্টে আতামবায়েভ ও কুলোভের সমর্থক যেমন আছেন, তেমনি একইসঙ্গে নিরপেক্ষ সদস্যরাও রয়েছেন।