‘ব্রিটেনে আশ্রয়প্রার্থীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে’
‘আশ্রয়প্রার্থীদের নির্ধিদ্বায় অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন ব্রিটেনের মন্ত্রীরা। হয় তাদেরকে ব্রিটেন ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে কিংবা তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে যাতে ওইরকম কোনো আশ্রয়প্রার্থী আর এ দেশে আসার চিন্তা না করে।’ অভিবাসন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে ব্রিটেনের একটি পার্লামেন্টারি কমিটির প্রতিবেদনে সম্প্রতি একথা বলা হয়েছে।
কমিটির চেয়ারম্যান শ্রমিক দলীয় আইনপ্রণেতা অ্যান্ড্রু ডিসমোর বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন, “সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় এমন মনে হয়েছে যে আমাদের যেন একটা নীতি আছে, যাতে মানুষ এ দেশ ছেড়ে চলে যায় এবং অন্যরা যাতে তা দেখে আর এদেশে না আসে।”
“আমরা জানি যে অভিবাসী বা আশ্রয়প্রার্থীরা খুব বেশি মানুষের কাছ থেকে সহানুভূতি পান না।”
“আমরা এমন কোনো নীতিমালা পাস করিনি যাতে বলা আছে যে কে আশ্রয়প্রার্থী আর কে তা নয় কিংবা কে তা হতে পারবে আর কে তা পারবে না। আসল প্রশ্নটি হলো, যখন কেউ এদেশে আছে তখন তার সঙ্গে আমরা সাধারণ মানবিক আচরণ করছি কি না। আর ঠিক এ বিষয়েই আমরা দেখেছি যে তাদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা অমানবিক এবং অসম্মানজনক।”
‘আশ্রয়প্রার্থীরা ব্রিটেনের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা থেকে এমন অনেক সুযোগ সুবিধা ভোগ করছেন যা তাদের পাওয়ার কথা নয়’- এমন প্রচলিত ধারণা নাকচ করে তিনি বলেন, “বহু মানুষ তাদের প্রাপ্য সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন না। আর ট্যাবলয়েড পত্রিকাগুলো যা বিশ্বাস করতে বলছে তেমন ঘটনা বাস্তবে খুব কমই ঘটছে।”
ডিসমোর বলেন, “বিশেষত শিশুদের বিষয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা অনেক দুঃখজনক ঘটনার কথা শুনেছি। যেমন, ভোর বেলার তল¬াশি... অভিবাসন কর্মকর্তারা আসছেন... ভোর ৬টায় বাড়ি বাড়ি গিয়ে দরজায় কড়া নাড়ছেন... শিশুদের ঘুম থেকে ডেকে তুলছেন... কী ভয়াবহ কী মারাত্মক প্রভাব পড়ছে শিশুদের মনে... এবং তারপর তাদের ধরে নিয়ে কয়েক সপ্তাহের জন্যও আটক রাখা হচ্ছে। আর এটা কোনোভাবেই ঠিক হচ্ছে না।”
ব্রিটেনের অভিবাসী কল্যাণ সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল ফর দি ওয়েলয়েয়ার অফ ইমিগ্র্যান্টস’ এর এক মুখপাত্র বলেন, এ প্রতিবেদন অনেক ভুল ধারণা সম্পর্কে মানুষকে সচেতন করবে।
তিনি বলেন, “এ প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়েছে যে অনেক মানুষ তাদের প্রাপ্য দাবি করতে পারছেন না, তারা আইন মেনে কাজ করার সুযোগ পাচ্ছেন না, আর সর্বোপরি এখানে এসে তারা মোটেই সহজ জীবনযাপন করছেন না।”
ওই মুখপাত্র আরও বলেন, অভিবাসীদের বিরুদ্ধে অপপ্রচারের জন্য মিডিয়ার সস্তা প্রচারণাকে দায়ি করে বসে না থেকে আমাদের বরং ব্রিটেনের সরকারি ও বিরোধী দলসহ সব রাজনৈতিক দলগুলোর কাছে যাওয়া উচিৎ। কারণ তাদেরই এসব বিষয়ে জানা উচিৎ।
অভিবাসীদের বিষয়ে করণীয় নির্ধারণ করে অন্যান্য প্রাসঙ্গিক নীতিমালা ঠিক করতে উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
