নেপালে সরকারে যোগ দেওয়া নিয়ে কৈরালার সঙ্গে বৈঠকে বসছেন প্রচন্ড
নেপালের অন্তর্বর্তী সরকারে মাওবাদীদের যোগ দেওয়ার দিনক্ষণ ঠিক করতে শুক্রবার প্রধানমন্ত্রী গিরিজা প্রাসাদ কৈরালাসহ সাতদলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করছেন মাওবাদী নেতা প্রচন্ড। বৈঠক সফল হলে আগামী দু-একদিনের মধ্যে, এমনকি শুক্রবারের মধ্যেই মাওবাদীদের নিয়ে নতুন মন্ত্রিসভার নাম ঘোষণা হতে পারে।
মাওবাদীদের মুখপাত্র কৃষ্ণ বাহাদুর মাহারা শুক্রবার বলেন, “আমরা অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়ার কাছাকাছি পৌঁছে গেছি। অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গে কমরেড প্রচন্ডের বৈঠকে আজই(শুক্রবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।”
প্রধানমন্ত্রী কৈরালার নেতৃত্বাধীন কংগ্রেস দলের উচ্চপদস্থ নেতা রাম চন্দ্র পোড়েল বলেন, “অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় মাওবাদীদের নাম চূড়ান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।”
সার্ক সম্মেলনে যোগ দিতে কৈরালা দিল্লি রওনা হওয়ার আগেই বিষয়টি চূড়ান্ত করা হতে পারে বলেও জানান তিনি।
আগামী জুন মাসে নেপালে একটি জাতীয় নির্বাচন সম্পন্ন করাই অন্তবর্তী সরকারের প্রধান কাজ। ওই নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্ট একটি নতুন সংবিধান তৈরি করে দেশটিতে গণতান্ত্রিক ধারা প্রবর্তন করবে। এ পরিকল্পনা নিয়েই মাওবাদীদের সঙ্গে শান্তিচুক্তি হয় সাতদলীয় জোটের।
মাওবাদীদের দ্বিতীয় শীর্ষ নেতা হিসেবে বিবেচিত বাবুরাম ভট্টরাই বুধবার বলেন, “অন্তর্বর্তী মন্তিসভা গঠনে কালক্ষেপন হলে জাতীয় নির্বাচনের সময়সীমা রক্ষা কঠিন হয়ে যাবে।
