২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় দুর্গতদের পুনর্বাসনে সাহায্য চেয়েছে মাদাগাস্কার

ঘুর্ণিঝড় দুর্গতদের পুনর্বাসনে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর কাছে কাছে ২৪ কোটি ২০ লাখ ডলার সাহায্য চেয়েছে মাদাগাস্কার। গত ১৫ মার্চ ঘূর্ণিঝড়ের আঘাতে ভারত মহাসাগরীয় দ্বীপটিতে ৮০ জন মারা যায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 04:14 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে, ‘ইন্ডলালা’ ঘূর্ণিঝড়ে এক লাখেরও বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। ঝড়ে ফসলহানির পাশাপাশি রাস্তাঘাটেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্গতদের জন্য সাহায্যের আবেদন জানিয়ে শুক্রবার প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানা সাংবাদিকদের বলেন, “আমাদের খাদ্য ঘাটতি রয়েছে, গৃহপালিত পশু- পাখি মারা যাচ্ছে। রাস্তাঘাট ভেঙ্গে যাওয়ায় অনেক এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।”

ঘুর্ণিঝড়ের আঘাতে ৮ হাজার ২৮০ হেক্টর জমির ফসল নষ্ট হয় এবং তিন হাজার ৬০০টির বেশি ঘর উড়ে যায়। কেয়ার ইন্টারন্যাশনালের মুখপাত্র আলেক্সিস পনিয়াটস্কি বলেন, “এ মুহূর্তে পানি ও খাবারের প্রয়োজন সবচেয়ে বেশি। এছাড়া ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণ এবং ধানক্ষেতগুলো দ্রুত চাষযোগ্য করে তুলতে হবে।”

স্থানীয় সাংবাদিকরা জানান, ঘূর্ণিঝড় আঘাত হানার পর চালের দাম তিনগুণ বেড়েছে।

মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ রাষ্ট্রটির লোকসংখ্যা এক কোটি ৮৬ লাখ।