২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের শিয়া প্রধান এলাকায় বোমা হামলায় নিহত ১৩০

ইরাকের শিয়া প্রধান এলাকায় আত্মঘাতী হামলায় বৃহস্পতিবার অন্তত ১৩০ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর বাগদাদের শাব্ জেলায় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ৭৭ জন। আর বাগদাদের উত্তরে খালিস শহরে তিনটি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ৫৩ ইরাকি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2007, 02:23 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাব জেলার জনাকীর্ণ একটি বাজারে বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী দুই হামলাকারী। তাদের জ্যাকেটে বোমাগুলো ভরে রাখা ছিল। এতে ৭৭ জন নিহত হওয়া ছাড়াও শতাধিক আহত হন।

হাশিস আলি নামে বিস্ফোরণে আহত এক জন রয়টার্সকে বলেন, “ঘটনার সময় বাজারে প্রচুর মানুষ ছিল। বিস্ফোরণের পর পুরো এলাকা থেমে যায়। চারদিকে মানুষের আর্তনাদ শুনি। অনেকের ছিন্ন বিচ্ছিন্ন দেহাবশেষ বাতাসে উড়তে দেখি। অনেকের গায়ে আবার আগুন ধরে যায়।”

নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “ঠিক কতজন মারা গেছেন, তা বলা কঠিন, সব লাশ এখনও উদ্ধার করা হয়নি।”

তিনি জানান, শহরে জরুরি অবস্থা জারি থাকায় রাতের আগেই কেনাকাটা সারতে সবাই ওই সময় বাজারে ভিড় জমিয়েছিলেন। ফলে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

একই সময়ে বাগদাদের ৮০ কিলোমিটার উত্তরের খালিস শহরে কয়েক মিনিটের মধ্যে তিনটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে ৫৩ জন নিহত ও শতাধিক আহত হন।

প্রথম হামলাটি হয় একটি বাণিজ্যিক এলাকায়, দ্বিতীয়টি পুলিশ চেকপয়েন্টে এবং তৃতীয়টি হয় টহলরত পুলিশকে লক্ষ করে।

এর আগে মঙ্গলবার ইরাকের উত্তরাঞ্চলে শিয়া অধ্যুষিত তাল আফর শহরে দুটি ট্রাক বোমা হামলায় পুলিশসহ ৮৫ জন নিহত হন। তার প্রতিশোধে বুধবার ওই অঞ্চলের সুন্নি প্রধান এলাকায় হামলায় নিহত হন ৭০ জনেরও বেশি লোক। এরপরই ওই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে ইরাকের এসব গোষ্ঠীগত সহিংসতা গৃহযুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি সহিংসতা নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।