ইরাকে বিমান বাহিনীর মিশন আরও দুই বছর বাড়াতে চায় জাপান
ইরাকে বিমান বাহিনীর মিশন আরও দুই বছরের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাপানের মন্ত্রিপরিষদ। পররাষ্ট্রমন্ত্রী তারো আসো এ প্রস্তাব করলে শুক্রবার তা অনুমোদন করে মন্ত্রিপরিষদ।
তারো আসো বলেন, ইরাকের বর্তমান অবস্থার জন্যই এ আইনটির সময়সীমা বাড়ানো উচিত। এ বছরের জুলাই মাসে আইনটির বর্তমান মেয়াদ শেষ হয়ে যাবে।
তিনি বলেন, “ইরাকে বিমান বাহিনীর সরবরাহ কাজ স্থিতিশীলভাবে বজায় রাখতে হলে আরও দুই বছরের মেয়াদ বাড়ানো প্রযোজন।”
বিমান বাহিনীর মিশন দীর্ঘায়িত করতে হলে একটি আইনের সময়সীমা বাড়াতে হবে জাপানকে। আরও দুবছরের সময়সীমা বাড়ানোর অনুমোদন দিতে প্রস্তাবটি পার্লামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। ক্ষমতাসীন দলের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা ভোটে আইনটি পাশ হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুই বছরের বেশি সময় ধরে ইরাকে মূলত পুনর্গঠনমূলক কাজে অংশ নেওয়ার পর গতবছর ইরাক থেকে ৬০০ সেনাকে প্রত্যাহার করে নেয় জাপান। তবে জাপানের প্রায় ২০০ বিমান সেনা এখনও কুয়েতে অবস্থান করছে। সেখান থেকেই ইরাকে মার্কিন বাহিনীর জন্য সরবরাহ অভিযান চালাচ্ছে তারা।
